হাওড়ার বালিতে ফের পোস্টার ব্যানার ঘিরে চাঞ্চল্য ছড়ালো তৃণমূল শিবিরে। বালি বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় একাধিক পোস্টার চোখে পড়েছে যেখানে তৃণমূল কর্মীরা বহিরাগত প্রার্থীর পরিবর্তে এলাকার মানুষকেই প্রার্থী করার আবেদন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মঙ্গলবার সকালে বালি, বেলুড় এবং লিলুয়ার বিভিন্ন দেওয়ালে লাগানো পোস্টার এবং ব্যানারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
এখানে ‘বহিরাগত’ হিসেবে বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকেই নিশানা করা হয়েছে বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
কি লেখা হয়েছে ওই পোস্টার-ব্যানার গুলিতে? বাংলা, হিন্দি ও উর্দুতে লেখা রয়েছে বালির সক্রিয় তৃণমূল কর্মীদের মাননীয় দিদির কাছে অনুরোধ আসন্ন বিধানসভা নির্বাচনে বালিতে কোনও বহিরাগত নয়, বালির মানুষকেই দলের প্রার্থী হিসেবে চাই।
এবার তৃণমূলের অন্দরেই ‘বহিরাগত’ তত্ত্বের ঘটনায় কার্যত প্রবল অস্বস্তিতে শাসক নেতৃত্ব।
প্রসঙ্গত উল্লেখ্য জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ জমছিল বালির তৃণমূলকর্মীদের মধ্যে। তাঁকে বাইরে থেকে এনে চাপিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাঁদের। এলাকায় বিপদে আপদে বিধায়কের দেখা মেলে না বলেও অনেকের বিস্তর অভিযোগ। এই নিয়ে সম্প্রতি প্রকাশ্যে মুখ খুলেছিলেন তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর।
তবে এই ‘বহিরাগত’ আখ্যা পেয়ে নিজে কি বলছেন বৈশালী ডালমিয়া?
নিজের বক্তব্যে তিনি বলেছেন, বালিতে নিজেকে বহিরাগত মানতে রাজি নন বৈশালীদেবী। তিনি বলেন, ‘বালিতে আমার বাড়ি আছে, সম্পত্তি আছে। তাহলে বহিরাগত হলাম কী করে? যারা এসব চক্রান্ত করছে তাদের সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। আমি সব কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি।’





