বর্ষাকালে বঙ্গে বৃষ্টির আকাল। তবে এই আকাল শুধুমাত্র দক্ষিণবঙ্গের জন্যই কারণ উত্তরবঙ্গে ঢেলে বৃষ্টি চলছেই। এরই মধ্যে জানা গেল সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে গরম বাড়বে সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ঘাম পিছু ছাড়বে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এর সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘাম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আজ, শুক্রবার থেকেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী রবিবার থেকে আবহাওয়ায় বদল আসতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে কলকাতায়। আজ, শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলাই থাকবে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯০ শতাংশ।
উত্তরের আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আগামী কয়েকদিন উত্তরের পাঁচ জেলা অর্থাৎ কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি জারি থাকবে।
কোথায় অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা?
অবস্থান বদল করছে মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখার পশ্চিমাংশ স্বাভাবিক অবস্থানে ফিরেছে। ৬ই আগস্ট অর্থাৎ রবিবার এই অক্ষরেখার পূর্বের অংশ অবস্থান বদল করবে। অমৃতসর, কারনাল, শাহজাহানপুর, কানপুর এবং ছত্তীশগড়ের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে জামশেদপুর ও বালাসোর হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই মৌসুমী অক্ষরেখা।
অন্যদিকে আবার উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে ছত্তীশগড়ে। এই নিম্নচাপ ক্রমশ সরে যাচ্ছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।a





