আর তিন নয় এবার চার বছরে স্নাতক হবে পড়ুয়ারা, ইউজিসি-র নিয়ম মেনেই এবার নয়া শিক্ষানীতি চালু করল রাজ্য সরকার

স্নাতক স্তরের পঠনপাঠনে বদলাচ্ছে নিয়ম। এবার থেকে আর ৩ বছর নয়, ৪ বছরে স্নাতক হবে পড়ুয়ারা। জাতীয় শিক্ষানীতিকেই অনুমোদন দিল রাজ্য সরকার।  আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে এই নতুন শিক্ষানীতি।

জাতীয় শিক্ষানীতি অবলম্বন করার বিষয়ে প্রথমে আপত্তিই প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু রাজ্যের পড়ুয়ারা যাতে কোনও ভাবেই পিছিয়ে না পড়ে, সেই কারণেই এই নতুন নিয়ম কার্যকর করা হল।  আজ, বুধবার শিক্ষা দফতরের তরফে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। এবার তিন বছরের বদলে চার বছর চলবে স্নাতক স্তরের পঠনপাঠন।

শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, সব পক্ষের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে কার্যকর হবে এই নয়া শিক্ষানীতি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। অর্থাৎ এই বছর যেসমস্ত পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তারা এই নয়া নীতির আওতায় পড়বেন।

এবারই কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে অনলাইনে হবে কিনা সেই বিষয়টিও আলোচনার মধ্যেই ছিল। তবে শোনা যাচ্ছে, যেহেতু এখনই ৪ বছরের স্নাতক কোর্স চালু করা হচ্ছে, তাই এখনই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালু হচ্ছে না।

এই নতুন নীতির বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এই বছর স্নাতকস্তরে ভর্তি হতে চলেছেন রাজ্যের প্রায় ৭ লক্ষ ছাত্রছাত্রী। তাঁদের সুবিধার কথা ভেবে স্নাতকস্তরে আমরা ৪ বছরের পঠনপাঠন চালু করতে চলেছি। এতে তাঁদের সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার ক্ষেত্রে সুবিধা হবে এবং একইসঙ্গে রাজ্যের বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমবে”।

তিনি আরও জানিয়েছেন, কোনও বিভ্রান্তি যাতে না ছড়ায়, সেই কারণে আপাতত কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া চালু করা হচ্ছে না। ব্রাত্য বসুর কথায়, “প্রয়োজনীয় পরিবর্তন এবং পরিমার্জনের কাজ আমরা জরুরি ভিত্তিতে চালাব, যাতে সম্ভব হলে এই ব্যবস্থাটিকেও আমরা এই বছরই চালু করতে পারি”।

RELATED Articles