চা-প্রেমীদের জন্য সুখবর এনেছে মেদিনীপুরের এমএ পাশ চা-ওয়ালা। যা দেখে বেজায় খুশি চা-প্রেমীরা। স্থানীয়দের এখন চা খাওয়ার একটাই ঠিকানা ‘চা Pay চর্চা’ স্টল। সেখানে চা খাওয়ার পর চায়ের কাপও খেয়ে ফেলা যাবে।
জানা গেছে, মেদিনীপুর শহরের বাসিন্দা নিশীথ দাস। বছর ৩৫ এর নিশীথ স্নাতকোত্তর পাশ করার পর সেরকম কোনও ভালো চাকরি পাননি। একসময় ছোটপর্দায় মডেলিং, অভিনয়ের কাজ করতেন। লকডাউনে সেটাও বন্ধ হয়ে যায়। মেদিনীপুর শহরে ফিরে সংসারের হাল ধরতে তিনি চায়ের দোকান খোলেন রাঙামাটি এলাকায়।
কিন্তু চায়ের দোকানে কিছু নতুনত্ব করার জন্য চেষ্টা করতেন, ব্যবসার লাভের জন্য। একদিন নেট ঘেঁটে আবিষ্কার করলেন এই বিস্কুট কাপের। চা যেমন গরম খাবেন, তেমনই চা খাওয়ার পর দেয় কাপ থুড়ি বিস্কুটটি মড়মড়িয়ে খেয়ে নেওয়া যাবে। ঠিক যেন ‘কোন আইস ক্রিম।’ আর এই চা খাওয়ার লোভে ‘চা Pay চর্চা’ স্টলে ভিড় জমাচ্ছে মেদিনীপুরের চা-প্রেমীরা।
‘চা Pay চর্চা’র মালিক নিশীথের জানিয়েছেন, বিশেষ এই চায়ের কাপে ৪০ মিনিট পর্যন্ত গরম থাকে চা। নষ্ট হয় না কাপটিও। বিস্কুটের মতোই এটি খেয়ে নেওয়া যায়। তাই এই অভিনব কাপ সহ চায়ের দাম রেখেছেন ৩০ টাকা। চা-প্রেমীদের মুখে হাসি ফোটাবে এই কাপ।





