আজ ছিল রাজ্যের বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট। এদিন ৫টি জেলার ৩৫টি আসনে ছিল ভোটগ্রহণ। আগামী ২রা মে, রবিবার ভোটের ফলাফল। এর আগেই দক্ষিণ ২৪ পরগণা জেলার ভাঙড়ের একাধিক জায়গা থেকে উদ্ধার হল তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ সেসব বোমা ও বমার মশলা উদ্ধার করেছে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবী, ভোটের পর অশান্তি করার জন্যই এই বোমা তৈরি করা হচ্ছিল।
আরও পড়ুন- এবার বোমাবাজি খাস কলকাতাতেই, ভোট অষ্টমীর দিন সকাল সকাল বোম পড়ল তিলোত্তমার বুকে
আজ, বৃহস্পতিবার, গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ের শানপুকুর অঞ্চলের কাঁটাজালা গ্রামের খালপাড় এলাকায় হানা দেয় বিশাল পুলিস বাহিনী। খালপাড়ের একটি অস্থায়ী ঘর থেকে উদ্ধার হয় একাধিক বোমা ও বস্তায় ভরা বোমা তৈরির মশলা। ভাঙড়ের ভগবানপুর থেকে উদ্ধার হয় ২২টি তাজা বোমা।
অন্যদিকে, ভোগালি গ্রামের একটি বাঁশবাগান থেকে উদ্ধার হয় ৯টি তাজা বোমা। ওইসব বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম্ব স্কোয়ার্ডকে।
আরও পড়ুন- করোনাতঙ্ক! ঝাঁপ পড়ছে কলকাতার নামী এই বাজারগুলোর, দেখুন তালিকা
পুলিশের থেকে পাওয়া খবর অনুযায়ী, ভাঙড়ের এই কাটজালা গ্রামে বহিরাগত দুষ্কৃতীরা প্রবেশ করে। তারাই এসে এই বোমা বাঁধার কাজ করছিল। এই কাজ চলছিল বাগজোলা খালপাড়ের একটি নির্জন ঘরে। পুলিশ সেই ঘর ভেঙে দিয়েছে বলে খবর। তবে কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত বা কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কী না, তা এখনও জানা যায়নি।





