আজ বাংলায় অষ্টম দফার ভোট। আজকের ভোট হলেই মিটবে ২০২১-এর পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ পর্ব। এর আগে সাত দফা ভোটে বারবার নানান এলাকা নানান বিক্ষোভ, দাঙ্গা, বোমাবাজির খবর শোনা গিয়েছে। আজ ৫টি জেলার ৩৫টি আসনে ভোট রয়েছে। ভোট রয়েছে কলকাতাতেও। এবার খাস কলকাতার বুক থেকেই উঠে এল বোমাবাজির খবর।
সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনা ঘটেছে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে। অভিযোগ, এদিন সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ মহাজতি সদনের সামনে চলন্ত গাড়ি থেকে কেউ বা কারা বোমা ছুঁড়ে পালায়। কিন্তু এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন- ‘এর আগে এত শান্তিপূর্ণ ভোট কোনওদিন দেখিনি’ সকাল সকাল ভোট দিলেন মিঠুন চক্রবর্তী
রাজ্যের একাধিক জায়গা থেকে বোমাবাজির খবর এলেও কলকাতা থেকে এই ধরণের ঘটনা বিরল। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। স্থানীয়দের দাবী, চলন্ত গাড়ি থেকে বোমা ছোঁড়া হয়। দু’জন যুবক হলুদ ট্যাক্সিতে চেপে আসে ও পরপর দুটো বোমা ফেলে পালিয়ে যায়। বোমা দুটি পড়ার চিহ্নও রয়েছে সেখানে।
ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। নির্বাচন কমিশনের তরফে এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এলাকায় সিসিটিভি রয়েছে। তদন্তের স্বার্থে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এতেই অভিযুক্তদের নাগাল পাওয়া যাবে বলে মনে করছেন তারা। এই ঘটনাস্থল থেকে পা হাঁটা দূরত্বেই রয়েছে পরপর দুটি পোলিং বুথ।





