SSC Job Cancellation Case: এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় এবার নয়া মোড়। ফের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা হল আরও একটি মামলা (SSC Job Cancellation Case)। সেই মামলা আবার মূল মামলার সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল হয়। সেই মামলা যায় সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায় স্থগিত রেখে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছিল, সব পক্ষের বক্তব্য শোনা হবে। আগামী মাসেই রয়েছে এই মামলার শুনানি। এরই মধ্যে আবার ২৬ হাজার চাকরিহারাদের কয়েকজন অন্য একটি মামলা দায়ের করল শীর্ষ আদালতে (SSC Job Cancellation Case)।
গতকাল, সোমবার সেই মামলাটি ওঠে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে (SSC Job Cancellation Case)। বেঞ্চের তরফে জানানো হয়, আগামী ৬ আগস্ট এসএসসির মূল মামলার শুনানি রয়েছে। সেদিনই ওই মূল মামলার সঙ্গেই এই মামলাটিও শোনা হবে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশ ছিল, চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদের হারে সমস্ত বেতন ফেরত দিতে হবে চাকরিহারাদের।
এই রায়ের পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। অন্যদিকে, আলাদাভাবে আবার সুপ্রিম কোর্টে যায় মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও। সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয়েছে যোগ্য-অযোগ্যদের বাছাই করার পালা। সিবিআই সূত্রে খবর, চাকরিহারাদের বাছাই পর্ব হয়ে গিয়েছে। আগামী ৬ আগস্টের শুনানিতে শীর্ষ আদলত এবার কী রায় দেয়, এখন সেটাই দেখার (SSC Job Cancellation Case)।






