তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলা, তাপমাত্রা ছুঁল ৪৫ ডিগ্রি, জারি কমলা সর্তকতা, বৃষ্টির দেখা কবে মিলবে? একটাই প্রশ্ন বঙ্গবাসীর

বঙ্গ জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। অস্বস্তিকর গরমে নাজেহাল হচ্ছে বঙ্গবাসী। এখনই তাপমাত্রা কমার কোন লক্ষণ নেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে তাপমাত্রা (Temperature) আরো বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গের ছয় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা রয়েছে কলকাতাতেও। দিনের বেলায় লু বইবে‌।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কোন দরকার ছাড়া আর রোদে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে জল, সানগ্লাস, ছাতা ব্যবহার করতে বলা হচ্ছে। তীব্র তাপপ্রবাহের জেরে বাড়ছে হিট স্ট্রোকের সম্ভাবনা। তার জন্য রাজ্যের হাসপাতাল গুলিতে তৈরি হয়েছে হিট স্ট্রোক ওয়ার্ড। যেখানে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা থাকবে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫.৯ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের মধ্যে পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। সেখানকার তাপমাত্রা ছিল ৪৫.১। স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি বেশি। রবিবার পারদ পতনের সম্ভাবনা নেই। তবে ধীরে ধীরে বাড়বে তাপপ্রবাহের রেশ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আদ্রতা জনিত অসস্তি বজায় থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপপ্রবাহের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, সোমবার থেকে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ডে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তে যে জলীয় বাষ্প ঢুকবে তার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে। তার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই বজ্রগর্ভ মেঘ থেকেই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হবে বুধবার থেকে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত হলে ও তাপমাত্রা (Temperature) কমার তেমন সম্ভাবনা নেই। অস্বস্তি বজায় থাকবে আগামী সপ্তাহ জুড়ে।

RELATED Articles