‘আমি বিজেপি সমর্থক কিন্তু তা সত্ত্বেও আমার বাড়িতে সিবিআই এসেছিল, অর্থাৎ সিবিআইয়ের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই’, অকপটে পিসি সরকার জুনিয়র

বছরখানেক আগে চিটফান্ড কাণ্ডে তাঁর বাড়িতে সিবিআই হানা দেয়। এই নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। সেই সময় এই বিশ্যর নিয়ে পিসি সরকার জুনিয়রের পরিবারের সদস্যরা কোনও বাক্যব্যয় না করলেও, সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খোলেন খোদ পিসি সরকার জুনিয়র।

তিনি বলেন, “আমার বাড়িতে সিবিআই-কে সাদরে অভ্যর্থনা জানিয়েছিলাম। আমি বিজেপি সমর্থক হওয়া সত্ত্বেও আমার বাড়িতে সিবিআই এসেছে দেখে ভীষণই খুশি হয়েছিলাম”।

রোজভ্যালি, সারদা-সহ নানান চিটফান্ড কাণ্ডের তদন্তে নেমে গত বছর ২৯শে জানুয়ারি পিসি সরকারের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে টাওয়ার গ্রুপের সঙ্গে পিসি সরকারের কী চুক্তি হয়েছিল, তা জানতেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই।

এই ঘটনা প্রসঙ্গে পিসি সরকার জুনিয়র বলেন, “সিবিআইকে আমার বাড়িতে ওয়েলকাম করেছি আমি। তদন্তকারীরা আসার পর জানতে চাইলাম, কেন এসেছেন? ওঁরা বললেন, অর্ডার দিয়েছে, তাই এসেছি। আমি বললাম, বেশ যা করার করুন”।

এরপর পি সি সরকার বলেন, “ওঁরা সারা বাড়ি তন্নতন্ন করে কী সব খুঁজলেন। তার পর কিছু না পেয়ে আমাকে এসে বললেন, আমরা লজ্জিত। আমি অবাক হয়ে বললাম, লজ্জিত কেন? আপনারা তো ডিউটি করছেন। আপনারা সবাইকেই সমান ভাবছেন দেখে আমি খুবই খুশি”।

তিনি বিজেপি সমর্থক, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে বারাসাত থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। তাঁর কথায়, “আমি একজন বিজেপি সমর্থক। তারপরেও আমার বাড়়িতে সিবিআই এসেছিল। তার মানে সিবিআই-এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিচার মানে বিচার”।

তিনি আরও বলেন, “যে স্পনসরের সঙ্গে আমি কাজ করেছি, তারা অন্যায় কাজ করেছে জেনে আমার বাড়িতেও সিবিআই পাঠানো হয়েছে। এটা আমি বু‌ঝেছিলাম। তাই সব কাগজপত্র তদন্তকারীদের হাতে তুলে দিয়েছিলাম। সব রকম ভাবে সহযোগিতা করেছিলাম। আমি এও বলেছিলাম, যদি প্রয়োজন হয় তাহলে আবার ‌আসবেন”। শেষে তিনি বলেন, “ওঁরা তদন্ত করলেই তো বোঝা যাবে যে আমি নিষ্কলঙ্ক”।

RELATED Articles