বকেয়া ডিএ-র (Due DA) দাবীতে কর্মবিরতির পর এবার রাজ্যে বন্ধের ডাক দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employees) যৌথ মঞ্চ। আগামী ৯ই মার্চ রাজ্যজুড়ে স্কুল, কলেজ-সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ধর্মঘটের (strike) ডাক দিলেন কর্মচারীরা। হাসপাতাল-সহ নানান জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই সাফ জানিয়ে দিয়েছেন যে রাজ্যে কোনও বন্ধ হবে না। এহেন পরিস্থিতিতে এবার রাজ্য সরকারি কর্মচারীদের সিদ্ধান্ত কী হয়, সেটাই দেখার।
বকেয়া ডিএ নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। এই দাবী তুলে গত সোমবার ও মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছিলেন তারা। সেই কর্মবিরতি রুখতে পদক্ষেপও নেওয়া হয় রাজ্য সরকারের তরফে। যৌথ মঞ্চের তরফে অভিযোগ করা হয় যে তাদের আন্দোলনের ছত্রভঙ্গ করতে নানান এলাকায় হামলা করা হয়েছে। কিন্তু তবুও নিজেদের সিদ্ধান্তে অনড় রাজ্য সরকারি কর্মচারীরা। আর এবার তারা নতুন করে ধর্মঘটের ডাক দিলেন।
রাজ্য সরকারি কর্মচারীদের এই সিদ্ধান্ত প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “ধর্মঘট করে পুরনো কালো দিন ফিরিয়ে না এনে সকলের উচিত একসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হওয়া। কেন্দ্র সরকার রাজ্যের টাকা আটকে রেখেছে। রাজ্য় সরকার তো জানিয়েছে, কেন্দ্র বকেয়া মিটিয়ে দিলে সকলের পাওনা মিটিয়ে দেওয়া হবে”। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে রাজ্য়ে কোনও বন্ধ হবে না। কারণ ধর্মঘট সংস্কৃতির বিরোধী রাজ্য সরকার।
প্রসঙ্গত, ২০১৬ সালে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র দাবীতে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ স্যাটে মামলা দায়ের করে। সেই আবেদনে বলা হয় যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান। মামলার পরিপ্রেক্ষিতে স্যাটের রায়ই বহাল রেখেছিল হাইকোর্ট। কিন্তু সেই রায়ের পরেও রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পান নি। পাল্টা রিভিউ পিটিশন দায়ের করে রাজ্য সরকার।
তবে গত সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খায় রাজ্য। ডিএ মামলায় রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। রাজ্যের অর্থাভাবের যুক্তিও আদালতে খারিজ হয়ে যায়। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায় যে রাজ্যকে বকেয়া ডিএ মেটাতেই হবে। আগামী ১৫ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।






