এর আগেও মিড ডে মিলের খাবার নিয়ে নানান অভিযোগ উঠেছে। কোনও সময় খাবারে টিকটিকি, কেঁচো, মরা সাপ পড়ে থাকতে দেখা গিয়েছে। এবারও ফের তেমনই ঘটনা ঘটল। মিড ডে মিলের খিচুড়িতে মিলল পোকা। এই ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অভিভাবকরা।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে হুগলির বেণীপুর প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেখানে গত সোমবার অন্যান্য দিনের মতোই মিড ডে মিলের খাবার দেওয়া হচ্ছিল শিশুদের। সেই সময় সেই খাবারে দেখা গেল গিজগিজ করছে পোকা। এই ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল পড়ে যায় এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোকা ধরা চালের খিচুড়ি দেওয়া হয়েছে। এভাবেই দিনের পর দিন শিশুদের এই খাবার দেওয়া হয় ওই কেন্দ্রে। এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেছেন অভিভাবকরা।
কী অভিযোগ স্থানীয়দের?
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাচ্চাদের মিড ডে মিলের তেল, চাল চুরি করছেন কর্মী রিতা বড়াল। এই বিষয়ে রিতা বড়াল বলেন, দীর্ঘদিন ধরে ওই অঙ্গনওয়াড়িতে রান্না করছেন তিনি। কিন্তু কোনওদিন এমন ঘটনা ঘটেনি। ওই কর্মীর দাবী, তারা পোকা চাল দিয়ে কোনদিনও রান্না করেন না। এদিন কী হয়েছে, তা জানেন না।
অন্যদিকে, মিড-ডে মিল কর্মীর সহকারী প্রতিমা রায় জানান, তিনি এই চালে রান্না করতে চান নি। কিন্তু রিতাদেবী নাকি তাকে হুমকি দেন। সেই কারণে ওই চালে রান্না করতে তিনি বাধ্য হন। শুধু তাই-ই নয়, তেল চুরির অভিযোগও তিনি স্বীকার করে নিয়েছেন।





