তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি স্কুল শিক্ষকের, জানতে পেরেই অভিভাবকরা মিলে গণপিটুনি দিল শিক্ষককে

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হওয়ার পরই স্কুল শিক্ষককে ধরে উত্তম-মধ্যম ধোলাই দিল অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

সূত্রের খবর, ওই নাবালিকা বাঁকুড়ার কোতুলপুর থানার ডিঙ্গেররন গ্রামের বাসিন্দা। সে বাঁকুড়ার রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার সকালে মিড ডে মিলের জিনিসপত্র নিতে স্কুলে গিয়েছিল ওই পড়ুয়া।

অভিযোগ, সেই সময় প্রাথমিক শিক্ষক মুরারি মোহন মণ্ডল ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয় ও তার শ্লীলতাহানি করে। ওই ছাত্রীর পোশাক ছিঁড়ে দেয় বলেও অভিযোগ। কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে ছাত্রীটি। কেন সে কান্নাকাটি করছে, তা জানতে চাইলে সে তার প্রাথমিক শিক্ষকের কুকীর্তির কথা জানায় মাকে।

একথা জানতে পেরে আজ, বুধবার স্কুলে যায় ওই নাবালিকার পরিবার। সঙ্গে ছিল আরও অন্যান্য ছাত্রীদের মা-বাবারাও। অভিযুক্ত ওই শিক্ষককে ঘিরে ধরেন সকলে। বেধড়ক মারধর করেন ওই শিক্ষককে সকলে মিলে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতুলপুর থানার পুলিশ। এরপরই অভিযুক্ত ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে বলে খবর।

তবে কোতুলপুর থানার ওসি জানিয়েছেন যে এই ঘটনায় এখনও পর্যন্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিকও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, “এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে আমরা ঘটনাটি শুনেছি। সেই অনুযায়ী তদন্তও শুরু হয়েছে। আহত প্রাথমিক শিক্ষকের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে”।

RELATED Articles

Leave a Comment