আর জি কর মামলা থেকে সরলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, তিলোত্তমার হয়ে এবার মামলা লড়বেন কে?

আর জি কর মামলায় এবার নতুন আপডেট। ফের আইনজীবী বদল এই মামলায়। সুপ্রিম কোর্টে এবার তিলোত্তমার মামলা থেকে সরলেন বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এবার তাহলে নির্যাতিতার মা-বাবার হয়ে কে সওয়াল করবেন সুপ্রিম কোর্টে? উঠছে প্রশ্ন!

আগামী সোমবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে আর জি কর মামলার আগামী শুনানি। এর আগে এই মামলায় আইনজীবী বদল। এর আগে বদল হয়েছিল চিকিৎসকদের পক্ষের আইনজীবী। গীতা লুথরার বদলে নিয়োগ করা হয় ইন্দিরা জয়সিং। গত শুনানিতে ইন্দিরা জয়সিং-এর জোরালো প্রশ্নে কুপোকাত হয়েছিলেন রাজ্যের পক্ষের আইনজীবী।

নির্যাতিতার পরিবার সূত্রে খবর, তিলোত্তমার মা-বাবা চাইছেন, তাদের মেয়ের সুবিচারের জন্যও এমন এক ওজনদার কোনও আইনজীবী লড়ুক। তাছাড়া মামলা লড়ার জন্য দিল্লি যেতে বেশ কিছুটা অসুবিধাও হচ্ছিল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ফলে সব মিলিয়েই এবার আইনজীবী বদলের সিদ্ধান্ত নিলেন তিলোত্তমার মা-বাবা।   

এই আইনজীবী বদলের বিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, আমি করেছি। বাকিটা ওঁদের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনও বিষয়ই নেই। মামলা হচ্ছে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে”।

কে লড়বেন তিলোত্তমার মামলা?

জানা গিয়েছে, বিকাশরঞ্জনের বদলে এবার তিলোত্তমার মামলা লড়বেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী বৃন্দা গ্রোভার। জানা যাচ্ছে, এই মামলা লড়ার জন্য তিনি তিলোত্তমার মা-বাবার থেকে এক টাকাও পারিশ্রমিক নেবেন না।

Bikash Ranjan Bhattacharya, lawyer, changed, R G Kar Victim, parents, Vrinda Grover, R G Kar Case

এই বৃন্দা গ্রোভার কে?

স্বনামধন্য এই আইনজীবী বৃন্দা গ্রোভার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্য। মানবাধিকার ও মহিলা-শিশুদের বিরুদ্ধে হওয়া একাধিক নির্যাতনের মামলায় লড়েছেন তিনি। ১৯৮৭ সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা হোক বা ২০০৪ সালের ইসরাত জাহান মামলা বা ২০০৮ সালের কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলা, সবেতেই তাঁর লড়াকু মনোভাবের প্রশংসা হয়েছে। এবার তিলোত্তমার হয়ে শীর্ষ আদালতে সওয়াল করবেন তিনি।

RELATED Articles