ফের পর্দায় দেখা মিলবে রাজন্যার, ছবিতে থাকছে বড় চমক, রাজনীতির ময়দানকে বিদায় জানালেন নাকি তৃণমূল যুবনেত্রী?

একুশে জুলাইয়ের মঞ্চে উচ্চ গলায় ভাষণ দিয়ে নজর কেড়েছিলেন তিনি। তৃণমূলের সঙ্গে জড়িয়ে ওতপ্রোতভাবে। ঝাঁঝালো বক্তৃতা দেওয়া সেই রাজন্যা হালদার শুধুমাত্র রাজনীতির ময়দানেই নন, ভালোই ‘খেলা’ দেখান অভিনয়ের ময়দানেও। এর আগেও তাঁর অভিনয় সত্ত্বার পরিচয় মিলেছে। এবার ফের আসছে তাঁর নতুন ছবি। এই ছবিতে বড় কোনও চমক দেবেন রাজন্যা।    

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন রাজন্যা। অভিনয়ে বেশ দক্ষ তিনি। মঞ্চে, পর্দায় ইতিমধ্যেই দেখা গিয়েছে তাঁর অভিনয়। আর এবার ফের একবার পর্দায় দেখা যাবে রাজন্যাকে। মহালয়াতেই আসছে রাজন্যার নতুন ছবি ‘আগমনী তিলোত্তমার গল্প’। আর এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাজন্যা।

ছবির নামটা শুনলেই কেমন আর জি কর কাণ্ডের তিলোত্তমার কথা চোখের সামনে ভেসে উঠল না? এই ছবির প্রেক্ষাপট সাজানো হয়েছে আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনাকে কেন্দ্র করেই। এই ছবির পরিচালক হলেন প্রান্তিক চক্রবর্তী। তবে শদুহুমাত্র আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটই যা নেওয়া হয়েছে এই ছবির। বাকি কাহিনী আরও বৃহত্তর।

Rajanya Halder

জানা যাচ্ছে, এই ছবির মাধ্যমে উঠে আসবে নারীদের প্রতি যৌন অত্যচারের কাহিনী। সোনারপুর রেল স্টেশনের সংলগ্ন এলাকায় কিছু দৃশ্যের শুট হয়েছে। কিছুটা শুট করা হয়েছে বারুইপুরের জুলপিয়া রোডে। সোনারপুরের শুটে অপু-দুর্গার সেই আইকনিক দৃশ্যের ঝলক দেখা গেল। তবে ছবির কাহিনী সম্পর্কে কিছুই বলতে চান নি পরিচালক বা কুশলীরা।  

এই ছবির মূল চরিত্রে অভিনয় করছেন রাজন্যা হালদার। তিনি এই প্রসঙ্গে বলেন, “এই ছবি শুধুমাত্র কোনও এক তিলোত্তমার নয়। বরং সমাজে নানা মানুষ রয়েছেন, মহিলা-পুরুষ নির্বিশেষে, যাঁরা বিভিন্ন রকমের সমস্যার শিকার। প্রতিনিয়ত তাঁদের লড়াই করতে হচ্ছে। অথচ তাঁদের অনেকেই মহিলা নন। সবার সমস্যার কথা তুলে ধরা হচ্ছে আমাদের নতুন ছবিতে”।

আর জি কর আবহেই কি এমন ভাবনা? রাজন্যার কথায়, “আসলে এই যে সমাজে বার বার করে মহিলা, মহিলা করে আমাদের দিকে ইঙ্গিত করা হয়, এর মধ্যেই একটা পুরুষতান্ত্রিকতা রয়েছে। এই ছবি লিঙ্গভিত্তিক নয়। এখানে দেখানো হয়েছে আমজনতার সমস্যার কথা”।

Rajanya  Halder

পরিচালক প্রান্তিক চক্রবর্তী এই ছবি সম্পর্কে বলেন, “তিলোত্তমা এখানে আমাদের শহর কলকাতা, আমাদের ঘর। আমাদের এই ভিন্ন প্রয়াস আপনাদের ভালো লাগবে। সকলে ছবিটি দেখুন”। এই ‘আগমনী তিলোত্তমার গল্প’ ছবিটি আসলে স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।

RELATED Articles