‘পুলিশই আমার মেয়ের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট করতে সাহায্য করেছে…’, দাবী আর জি করের নির্যাতিতার মা-বাবার

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। দিকে দিকে চলছে আন্দোলন-বিক্ষোভ। দুর্গাপুজোর মধ্যে আন্দোলনকে দমানো যায় নি। মঙ্গলবার রাজ্য সরকারের আয়োজিত পুজোর কার্নিভালের সঙ্গেই চলেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আয়োজিত দ্রোহের কার্নিভালও। এবার এই কার্নিভাল নিয়ে মন্তব্য করলেন আর জি করের তরুণী চিকিৎসকের মা-বাবা।  

এদিন কার্নিভাল নিয়ে কথা বলতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নির্যাতিতার মা-বাবা। তাদের কথায়, জুনিয়র চিকিৎসকরা এতদিন ধরে অনশন করছেন। সেই সমস্যার সমাধানের কোনও সময় নেই মুখ্যমন্ত্রীর কাছে। তিনি কার্নিভালে ব্যস্ত। এমনকি, মেয়ের খুনের ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তোলেন তারা। তাদের দাবী, পুলিশের সাহায্যেই তাদের মেয়ের খুনের ঘটনার তথ্যপ্রমাণ লোপাট হয়েছে।

জুনিয়র চিকিৎসকদের অনশন নিয়ে নির্যাতিতার মা বলেন, “ছাত্ররা তো অন্যায় আন্দোলন করছে না। এটা তো উদ্বেগের। ওরা অসুস্থ হচ্ছে। কতদিন না খেয়ে থাকবে ওরা। তবে এটা বলব ওরা যাতে হটকারী সিদ্ধান্ত না নেয়। রিলে করে অনশন করুক”।

তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী দ্রোহ কার্নিভাল চেয়েছিলেন বন্ধ করতে পারেননি। হাইকোর্ট অর্ডার দিয়েছে। পুলিশই ব্যারিকেড দিয়েছিল। পুলিশই সরিয়েছে। এটা লজ্জা। পুলিশই আমার মেয়ের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছে”।

প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার রানি রাসমনি রোডে ছিল চিকিৎসকদের দ্রোহের কার্নিভাল। এদিন মানববন্ধনও করেন জুনিয়র চিকিৎসকরা। পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয় নি। বরং মঙ্গলবার সকালে রানি রাসমনি রোড-সহ একাধিক জায়গায় ১৬৩ ধারা জারি করে কলকাতা পুলিশ। দ্রোহের কার্নিভালের জায়গায় দেওয়া হয় বড় বড় ব্যারিকেড। এরপরই পুলিশের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর মণ্ডপের পাশে উদ্ধার তরুণীর বিবস্ত্র দেহ, প্রমাণ লোপাটের জন্য পোড়ানো হল মুখ, রাজ্যে নারী সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন তুঙ্গে!

হাইকোর্টের তরফে এই দ্রোহের কার্নিভালের অনুমতি দেওয়া হয়। এরপরই শুরু হয় সেই কর্মসূচি। কাতারে কাতারে মানুষের ঢল নামে রানি রাসমনি রোডে চিকিৎসকদের দ্রোহের কার্নিভালে যোগ দেওয়া জন্য। অন্যদিকে, রেড রোডে চলে পুজোর কার্নিভালও। এদিন আরও দু’জন জুনিয়র চিকিৎসক যোগ দিয়েছেন অনশনে।  

আরও অন্যান্য খবর