তাঁর এককালের সহকর্মীরা সব জেল থেকে ছাড়া পেয়েছেন এক এক করে। এই বছর তারা জেলের বাইরের পুজো দেখবেন। খোলা আকাশ দেখবেন। একটু স্বস্তির নিঃশ্বাস নেবেন। কিন্তু তিনি যে তিমিরে সেই তিমিরেই। তাঁর মনে আনন্দ নেই। থাকবেই বা কী করে, গত ২ বছরের মতো এই বছরটাও তো জেলেই পুজো দেখতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। সেই থেকেই তিনি জেলে। গত ২ বছর ধরে প্রেসিডেন্সি জেলের দুর্গাপুজো দেখছেন তিনি। এদিকে তাঁর এককালের সহকর্মী মানিক ভট্টাচার্য থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন, তাপস মণ্ডল এরা সব জামিন পেয়ে জেলের বাইরে।
পার্থ চট্টোপাধ্যায়ও ভেবেছিলেন এই বছরটা হয়ত তিনিও জেলের বাইরের পুজো দেখবেন। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও তাঁর জামিন মঞ্জুর হয়নি। জামিন মামলার শুনানি হলেও রায়দান স্থগিত হয়ে গিয়েছে। ফলে বেশ মন খারাপ প্রাক্তন মন্ত্রীর। কারারক্ষী সূত্রে খবর, মানসিকভাবে ভেঙে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের সেল থেকে বেরচ্ছেন না।
কারারক্ষী জানাচ্ছেন, জেলের মধ্যে দুর্গা প্রতিমায় মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এক কারারক্ষীকে এরপর বলেন, “আমার মন মেজাজ ভাল নেই। জেলের দুর্গাপুজো দেখতে যাব না। বই পড়ে সময় কাটাব। পারলে কয়েকটা শারদীয়া দিয়ে যেও। জানি না ভাগ্যে আর কতদিন এমন দুঃখ লেখা রয়েছে”। একথা কারারক্ষী জেলারকে জানিয়েছেন বলে খবর।
তবে অন্যদিকে জেলে থাকলেও উৎসব ভালোই উপভোগ করছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শরীরে তাঁর নানান রোগ বাসা বেঁধেছে বটে। কিন্তু তা সত্ত্বেও জেলের মধ্যে দুর্গাপুজো নিয়ে বেশ ব্যস্ত তিনি। যাতে জেলের দুর্গাপুজো ভালোভাবে সম্পন্ন হয়, সেদিকে নাকি তিনি খেয়াল রাখছেন বেশ। তিনি মহাষ্টমীর অঞ্জলিও দেবেন বলে জানিয়েছেন।
সূত্রের খবর, পুজোর সময় জেলে কী কী মেনু হবে সেসব খোঁজ নিয়েছেন বালু। এও জানিয়েছেন, পুজোর সময় তিনি বাকি বন্দিদের সঙ্গে খাবার খাবেন। তবে পার্থ জানিয়েছেন, তিনি সেলেই থাকবেন। আবার সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানেও জ্যোতিপ্রিয় মল্লিক যোগ দেবেন বলে জানিয়েছেন। তিনি নিজের এককালের সহকর্মী পার্থ চট্টোপাধ্যায়কে বুঝিয়ে উৎসবে ফেরাতে পারেন কী, সেটা দেখার!





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!