সকলের মুখে একটাই স্লোগান, “বিচার চাই”। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবার আর জি করের সিনিয়র চিকিৎসকদের পথেই হাঁটলেন কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও। গণইস্তফা দিলেন তারাও।
আর জি করের নির্যাতিতার ন্যায় বিচারের দাবী তুলে গতকাল, মঙ্গলবার আর জি করের প্রায় ৫০ জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়েছিলেন। নানান বিভাগীয় প্রধানরা ইস্তফা দেন পদ থেকে। এবার সেই পথেই হাঁটলেন কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজের শতাধিক সিনিয়র চিকিৎসক।
ন্যায় বিচারের দাবীতে গণইস্তফা দিলেন কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে এদিন গণইস্তফা দেন মেদিনীপুর মেডিক্যালের সিনিয়র চিকিৎসকরাও। তাদের অভিযোগ, জুনিয়র চিকিৎসকদের দাবী ন্যায্য। কিন্তু তাদের সেই দাবী নিয়ে রাজ্য কোনও সদর্থক ভূমিকা নিচ্ছে না। সেই কারণেই এই গণইস্তফা। শুধু তাই নয়, পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের কথাও বলেন তারা।
এক সিনিয়র চিকিৎসক জানান, এই ধরনের প্রতীকী গণ ইস্তফা আগেও হয়েছে। এসব ক্ষেত্রে সাধারণত পদত্যাগপত্র পরপর জমা দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়। কিন্তু সরকার সে ইস্তফা গ্রহণ করে না। ফলে তা সত্যিকারের পদত্যাগ নয়। এক্ষেত্রে যদি কারও চিঠি গ্রহণ করে নেয় সরকার, তাহলে তাঁর কেরিয়ার বিপন্ন হতে পারে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক।
বলে রাখি, গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুমে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ। দীর্ঘদিন কর্মবিরতি পালনের পর জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরেছেন। তবে নিজেদের ১০ দফা দাবী পূরণের জন্য আমরণ অনশন করছেন তারা। তাদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও।
আরও পড়ুনঃ ‘হিন্দুরা যদি একজোট না হয়, তাহলে ক’দিন পর মা দুর্গার জায়গায় মুখ্যমন্ত্রীর পুজো করতে বলবে তৃণমূল’, শাসক দলের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ
গতকাল, মঙ্গলবার ১২ ঘণ্টার প্রতীকী অনশন পালন করেন রাজ্যের সমস্ত চিকিৎসক। এরই মধ্যে এদিন গণইস্তফা দেন আর জি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক। আজ, বুধবার দেশজুড়ে চলছে প্রতীকী অনশন। এবার গণইস্তফা দিলেন কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও।





