‘কেউ ছাড়া পাবে না, সময়ে সবকিছু প্রমাণ হয়ে যাবে’, ফের ইঙ্গিতবাহী মন্তব্য পার্থর, কাকে নিশানা করলেন প্রাক্তন মন্ত্রী?

আজ, বৃহস্পতিবার ১৪ দিনের জেল হেফাজত শেষ হল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC scam case) কাণ্ডে আদালতের নির্দেশে এতদিন প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় ইডি-র বিশেষ আদালতে। সেখানেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ফের পার্থ বলেন, “কেউ ছাড়া পাবে না”।

এদিন শুনানি শুরুর আগেই পার্থকে নিয়ে যাওয়া হয় আদালত কক্ষে। এরপর বিচারক তাঁকে বেরিয়ে আসতে বললে সেই সময় তিনি বলেন, “কেউ ছাড়া পাবে না”। তিনি আরও বলেন, “সময়ে সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে”। আদালতে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রীর এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এর আগেও একাধিকবার ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন পার্থ। ইডি-র হেফাজতে থাকাকালীন পার্থ বলেছিলেন, “আমি ষড়যন্ত্রের শিকার”। তবে কে বা কারা কী ষড়যন্ত্র করেছে, তা নিয়ে খোলসা করে কিছুই জানান নি তিনি। এদিন আদালতের কক্ষ থেকে দেহরক্ষীদের কাঁধে ভর দিয়ে বের হন পার্থ। এর জানান যে তিনি অসুস্থ।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রকাশ্য মঞ্চ থেকে পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। কিন্তু পার্থর ক্ষেত্রে ছবিটা সেরকম নয়। প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের একজন প্রথম সারির সৈনিক হলেও দল তাঁর পাশে দাঁড়ায় নি। সমস্ত দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়েছে পার্থকে। তাই অনেকের মতেই তাঁর মুখে ষড়যন্ত্রের কথায় কোনও বিশেষ ইঙ্গিত রয়েছে।

আজকের এই শুনানিতে পার্থর কত সম্পত্তি রয়েছে ও কী কী লেনদেন হয়েছে, তার খতিয়ান দেয় ইডি। অনেক তথ্যই মিলেছে। ইডি জানায় যে পার্থ ও অর্পিতার নামে ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও, ৩০টি শেল কোম্পানির কথাও জানা গিয়েছে। এদিন জীবন বিমা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্যও ইডি তুলে ধরেছে বলে খবর।

RELATED Articles