ট্রেন বাতিলের জেরে নাকাল অবস্থা, প্রতিবাদে রেল অবরোধ হুগলীর নানান স্টেশনে, সপ্তাহের প্রথমদিনই দুর্ভোগ চরমে নিত্যযাত্রীদের

একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আর এর জেরে যেসমস্ত ট্রেন চলছে তাতে অতিরিক্ত চাপ বেড়েছে যাত্রীদের। এর জেরে সপ্তাহের প্রথমদিন নিত্যযাত্রীদের নাকাল। এর জেরে ক্ষোভ যাত্রীদের মধ্যে। এর ক্ষোভের রেশ দেখা দিল নানান রেল স্টেশনগুলিতে।

আজ, সোমবার হাওড়া-বর্ধমান মেন লাইনের একাধিক স্টেশনে ট্রেন অবরোধ করেন যাত্রীরা। দীর্ঘক্ষণ চলে এই অবরোধ। এর জেরে নানান স্টেশনে আটকে পড়ে ট্রেন। নির্দিষ্ট স্টেশনে পৌঁছতে নাকানি-চোবানি খেতে হয় যাত্রীদের।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছিল যে ইন্টারলকিং সিস্টেমের কাজ চলার কারণে চলতি মাসের বেশ কিছুদিন হাওড়া-বর্ধমান মেইন লাইনে কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে বাতিল ছিল বেশ কিছু লোকাল ট্রেনও। গতকাল, রবিবার থেকে সেই কাজ শুরু হয়েছে। মাসের শেষ পর্যন্ত এই কাজ চলবে। আর এই সময়ের মধ্যেই বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। আজ, সোমবার ট্রেন ধরতে গিয়ে অসুবিধার মুখে পড়েছেন অনেকেই। এর প্রতিবাদ জানিয়েই হুগলীর নানান স্টেশনে রেললাইনে নেমে অবরোধ করেন তারা।

পূর্ব রেল সূত্রে খবর অনুযায়ী, এদিন সকাল সাড়ে ৭টা থেকে হাওড়া-বর্ধমান মেন লাইনে অবরোধ শুরু করেন যাত্রীরা। পরপর হুগলির খন্যান, তালাণ্ডু, পাণ্ডুয়ায় যথাক্রমে ৭.৪০, ৭.৪৫ নাগাদ ট্রেন আটকে দেওয়া হয়। এর জেরে আটকে পড়েন প্রচুর যাত্রী। গন্তব্যে পৌঁছতে চূড়ান্ত ভোগান্তি পোহাতে হয় তাদের। প্রায় দেড়, দু’ঘণ্টা ধরে এই অবরোধ চলে। এই অবরোধের জেরে নানান স্টেশনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে।

এই বিষয়ে পূর্ব রেলের এক জনসংযোগ আধিকারিক বলেন, “আগামী ১৪, ১৫, ১৬ তারিখ আরও বেশ কিছু দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল থাকবে। এখনও পর্যন্ত ৪৮টি দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ার কথা। কারণ সেই সময় নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে পুরোদমে। সেসময় যাত্রীদের চাপ আরও বেশি করে বোঝা যাবে”। তবে যাত্রীদের অতিরিক্ত চাপ কীভাবে সামলানো যাবে, তা নিয়ে বেশ চিন্তায় রয়েছে রেলও।

আরও অন্যান্য খবর