তাপস রায় (Tapas Roy)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ব্যাটেলিয়নের দীর্ঘদিনের সৈনিক ও বরাহনগরের তিনবারের বিধায়ক (TMC MLA)। তৃণমূলের সমস্ত উতরাই-চড়াইতে দলের পাশে ছিলেন তিনি। কিন্তু এবার সেই তাপস রায়কেই শোনা গেল দল ছাড়ার ইঙ্গিত দিতে। একটি সভা থেকে তাপস রায়কে বলতে শোনা গিয়েছে, “আমায় ধরে রাখা খুব কঠিন। সময় এলেই দলকে জানিয়ে দেব যে আর রাজনীতি করতে চাই না”।
তাঁর এই মন্তব্যের ভিডিও এখন তুমুল ভাইরাল হয়েছে। তাঁর এহেন মন্তব্যের জেরে রাজ্য-রাজনীতিতে বেশ শোরগোল পড়েছে বৈ কী! ঘাসফুল শিবিরের অন্দরেও নানান জল্পনা শুরু হয়েছে। তবে কী অভিমানের জেরেই তাপস রায় দল ছাড়তে চাইছেন, এমন প্রশ্নও উঠেছে।
সূত্রের খবর, সাম্প্রতিক মন্ত্রিসভার রদবদলের সময় শোনা যাচ্ছিল যে তাপস রায় হয়ত মন্ত্রিত্ব পেতে পারেন। কিন্তু তেমনটা শেষ পর্যন্ত হয়নি। তবে দল যখনই অস্বস্তিতে পড়েছে, তখনই দলের পাশে দাঁড়িয়ে জবাব দিয়েছেন তিনি। তাহলে কী সেই জবাব দিতে দিতেই ক্লান্ত হয়ে পড়েছেন তাপস রায়? সূত্রের খবর, তাপস রায়ের ছেলে আমেরিকায় কর্মরত। তাঁর মেয়েও বেসরকারি সংস্থায় চাকরি করেন। তবে কী রাজনীতি ছেড়ে তিনি বিদেশেই চলে যেতে চাইছেন?
এদিনের এই সভায় তাঁকে বলতে শোনা যায়, “আমাকে ধরে রাখা সহজ নয়। তাই সময় যখন হবে তখন দলকে নিজের রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেব”।
উল্লেখ্য, কংগ্রেসী ঘরানার রাজনীতিতে সৈনিক ছিলেন তাপস রায়। এরপর সোমেন অনুগামী থেকে একসময় মমতা অনুগামী হয়ে উঠেছিলেন তিনি। বরাহনগর থেকে তিনবারের বিধায়কও হয়েছেন তাপস রায়। বর্তমানে তিনি রাজ্য কমিটির সহ সভাপতি ও দলের অন্যতম মুখপাত্র। এবার সেই তিনিই চাইছেন রাজনীতি থেকে অবসর নিতে। যা নিয়ে বেশ হইচই শুরু হয়েছে।





