অমানবিক দৃশ্য সরকারি হাসপাতালে! রেফার করার পরও এসএসকেএমে মিলল না বেড, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে স্ট্রেচারেই পড়ে থাকলেন রোগী

রাজ্যের অন্যতম সেরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মধ্যে পড়ে এসএসকেএমের নাম। সেখানেই দেখা গেল এক অমানবিক দৃশ্যের। ২৪ ঘণ্টা ধরে স্ট্রেচারেই পড়ে থাকলেন রোগী। কারণ বেড নেই হাসপাতালে। রেফারের পরও এমন ঘটনায় ক্ষোভ বেড়েছে রোগীর পরিজনদের মধ্যে।

জানা গিয়েছে, ওই রোগী আসানসোলের কুলটির বাসিন্দা। দু’সপ্তাহ আগে তিনি ঝাড়খণ্ডে কাজে গিয়েছিলেন। সেখানেই ছাদ থেকে পড়ে যান। প্রথমে আসানসোল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তারপর ভরি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ১০ দিন ভর্তি ছিলেন তিনি।    

 জানা গিয়েছে, ওই রোগীর শিরদাঁড়ায় অপারেশন করানোর প্রয়োজন পড়ে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এসএসকেএমে রেফার করা হয় রোগীকে। কিন্তু এখানে এসে দেখা যায় হাসপাতালে বেড নেই। ফলে স্ট্রেচারেই পড়ে থাকেন রোগী।  

জানা যাচ্ছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে এভাবেই স্টেচারে পড়ে রয়েছেন তিনি। এমন অবস্থায় দিশেহারা তাঁর পরিবার। এদিকে রোগী যন্ত্রণায় কাতরাচ্ছেন। কথাও বলতে পারছেন না। জানা গিয়েছে, হাসপাতাল থেকে রোগীর অপারেশনের জন্য দু’সপ্তাহ পরের সময় দেওয়া হয়েছে।  

আরও পড়ুনঃ ছিঃ ছিঃ! কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে গৃহবধূর গায়ে মদ ঢালল মদ্যপরা, প্রতিবাদ করতেই স্বামী-স্ত্রীকে বেধড়ক মার, তুমুল অশান্তি

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান জুনিয়র চিকিৎসকরা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে এই রেফার রোগ নিয়েও প্রতিবাদ করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবী মেনেই কলকাতার কয়েকটি হাসপাতালে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে কোন হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে, তা জানা যাবে। সেই সিস্টেম ঠিকঠাক কাজ না করলে এভাবেই ভোগান্তি পোহাতে হবে রোগীদের।

RELATED Articles