কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় ভয়াবহ অশান্তি। শোভাযাত্রা থেকে গৃহবধূর গায়ে মদ ঢালার অভিযোগ উঠল সেই নিয়ে প্রতিবাদ করতে গেলে স্বামী-স্ত্রী দুজনকেই বেধড়ক মারধর করার অভিযোগ। মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। জানা গিয়েছে, গতকাল, শনিবার শান্তিপুর রেল স্টেশন ও গোডাউন মাঠের দিক থেকে কাশ্যপপাড়ার দিকে পরপর তিনটি ঠাকুরের শোভাযাত্রা যাচ্ছিল। সেই সময় সেখান দিয়ে বাইকে করে যাচ্ছিলেন এক ব্যক্তি ও তাঁর স্ত্রী। শোভাযাত্রা থেকেই এক গৃহবধূর গায়ে মদ ছেটানো হয় বলে অভিযোগ।
এমন ঘটনায় প্রতিবাদ করেন মহিলা। এরপর কুলকুচি করে মহিলার গায়ে মদ ঢালা হয় বলে অভিযোগ। স্ত্রীর এমন অপমান সহ্য করেন নি স্বামী। তিনি প্রতিবাদ করতে এগিয়ে আসেন। দু’পক্ষের মধ্যে বেশ বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ইথে। সেই ওই ব্যক্তি, তাঁর স্ত্রী ও ব্যক্তির এক বন্ধুকে বোতল দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
প্রাণ বাঁচাতে তারা কাছের একটি ওষুধের দোকানে লুকিয়ে পড়েন। পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এমন এক ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এমন উত্তেজনা সামাল দেন দুই সিভিক ভলান্টিয়ার ও এলাকার যুবকরা। আক্রান্তদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নির্যাতিতা মহিলা হাসপাতালে ভর্তি বলে খবর। এই ঘটনায় পুলিশে অভিযোগ জানান মহিলার স্বামী।
মহিলার স্বামী সৌভিক কর বলেন, “রাস্তা দিয়ে যাওয়ার সময় স্ত্রীর গায়ে মদের ছিটে লাগে। প্রতিবাদ করতেই মুখের মদ স্ত্রীর গায়ে দিয়ে দেয় কয়েকজন। এরপর মারধর শুরু করে”।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মহিলার গায়ে মদ ছিটে এলে স্বামী প্রতিবাদ জানান। কয়েকজন পুজোর উদ্যোক্তা এই নিয়ে ক্ষমা চাইলেও ওই ব্যক্তি তা মানতে চান নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্য পুজোর উদ্যোক্তারাও ছুটে আসেন। রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। পুলিশে ব্যক্তি অভিযোগ করলে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে এই ঘটনায় গ্রেফতার করেনি পুলিশ।





