বসিরহাটে মোদীর বড় স্ট্রোক রেখা পাত্র, কিন্তু সেই প্রার্থী নিয়ে অখুশি সন্দেশখালি, ‘রেখা পাত্রকে চাই না’, এলাকা ছয়লাপ পোস্টারে

গতকাল, রবিবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে এক বড় চমক দিয়েছে গেরুয়া শিবির। বসিরহাট থেকে প্রার্থী করা হয়েছে সন্দেশখালি কাণ্ডে প্রথম গর্জে ওঠা প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে (Rekha Patra)। জানা গিয়েছে, তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দের প্রার্থী। কিন্তু সেই প্রার্থীকে নিয়ে শুরু হল জলঘোলা। সন্দেশখালির মানুষরা রেখা পাত্রকে (Rekha Patra) প্রার্থী হিসেবে মানতে রাজি নন।

বিগত কয়েকমাস ধরেই জ্বলছে সন্দেশখালি। তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সন্দেশখালির বাসিন্দারা। জোট করে জমিবাড়ি দখল থেকে শুরু করে নারী নির্যাতন, শ্লী’ল’তা’হা’নির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এই অত্যাচারিত তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রথম পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রেখা পাত্রই। পরবর্তীতে আরও মহিলা অভিযোগ করেন। কিন্তু প্রতিবাদের শুরুটা হয়েছিল রেখার হাত ধরেই। লোকসভা ভোটে সেই কারণে এইন ঘটনাকেই হাতিয়ার করে বিজেপি। বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালির ৫ নির্যাতিতাদের সঙ্গে দেখা করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন এই রেখা পাত্র। তাঁকেই বসিরহাট থেকে প্রার্থী করেছে বিজেপি।

কিন্তু সেই রেখা পাত্রকেই প্রার্থী হিসেবে মানতে নারাজ সন্দেশখালি। আজ, সোমবার সকাল থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ দেখা গেল এলাকায়। হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ দেখালেন সন্দেশখালির বাসিন্দারা। বিক্ষোভকারী মহিলাদের দাবী, রেখা এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন নি। রেখার কোনওভাবেই জেতা সম্ভব নয় তাদের এলাকা থেকে। সেই কারণে তারা রেখাকে প্রার্থী মানতে রাজি নন।  

তাদের দাবী, কোনও ভালো রাজনৈতিক ব্যক্তিত্বকেই প্রার্থী করতে হবে বিজেপিকে। সেই কারণে রেখার বিরুদ্ধে পোস্টার দেখা গেল সন্দেশখালিতে। সেই পোস্টারে কোথাও লেখা, “সন্দেশখালির আন্দোলনকারীরা রেখা পাত্রকে প্রার্থী হিসেবে মানছি না”। আবার কোনও পোস্টারে লেখা – “বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্রকে চাইছি না, চাইব না”।

রেখা পাত্রের (Rekha Patra) বিষয়ে কী প্রতিক্রিয়া বিজেপির?

রেখা পাত্রের বিরুদ্ধে পোস্টার নিয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেন, দল প্রার্থী ঠিক করেছে। স্থানীয় বিজেপির একাংশের বক্তব্য, “এরা বিক্ষুব্ধ তৃণমূলের লোক। এ জন্য বিরোধিতা করছেন। নরেন্দ্র মোদী যেভাবে প্রার্থী চয়ন করেছেন, সকলের ধন্যবাদ জানানো উচিত”।

RELATED Articles