‘যার জন্মই হয়নি, তার নামেও জব কার্ড হয়েছে’, ১০০ দিনের কাজে দুর্নীতি নিয়ে তৃণমূলকে ‘তোলাবাজ’ বলে তোপ মোদীর

১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রকে বারবার আক্রমণ করেছে মমতা সরকার। কেন্দ্র টাকা আটকে রেখেছে, এই অভিযোগ তুলে ধর্নায় অবস্থানও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এবার এই ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে পাল্টা কটাক্ষ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০০ দিনের কাজের প্রকল্পে তৃণমূলের দুর্নীতি নিয়ে সভায় বক্তব্য রাখলেন মোদী।

আজ, শনিবার কৃষ্ণনগরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে তৃণমূলকে তুলোধোনা করলেন তিনি। তাঁর কথায়, টাকা লুট করার জন্য লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে বাংলায়। ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে যখন তৃণমূল কেন্দ্রকে তোপ দাগে, সেই সময় মোদীর এহেন মন্তব্য যে বেশ তাৎপর্যপূর্ণ, তা জানাচ্ছে ওয়াকিবহাল মহল।  

ঠিক কী বললেন প্রধানমন্ত্রী?

এদিন সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “মনরেগায় ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে, যার জন্ম হয়নি তার নামেও জব কার্ড বানানো হয়েছে। গরিব মানুষের টাকা তোলাবাজরা লুঠ করে নিয়েছে”। তৃণমূলকে নিশানা করে মোদীর তোপ, “সব স্কিমকে স্ক্যামে বদলে দিচ্ছে। এতে তৃণমূল মাস্টার”।

এদিন সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের শাসনে মা-মাটি-মানুষ কাদছে। বাংলা ভাষায় তিনি বলেন, তৃণমূল মানে বিশ্বাসঘাতক, অত্যাচার, দুর্নীতি, পরিবারবাদ। তৃণমূল মানে তু, ম্যায় আউর কোরাপশান”। শুধু তাই-ই নয়, তিনি এও বলেন যে রেশন বন্টন নিয়েও ব্যাপক দুর্নীতি চলছে বাংলায়। প্রধানমন্ত্রীর কথায়, এই দুর্নীতির জবাব দিতে লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনেই বিজেপিকে জেতাতে হবে।

কী প্রতিক্রিয়া তৃণমূলের?

যদিও মোদীর সমস্ত অভিযোগই নাকোচ করে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। তাদের দাবী, প্রধানমন্ত্রী অসত্য কথা বলছেন। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই নিয়ে বলেন, “আপনি কৃষ্ণনগরে অসত্য কথা বলছেন। যাঁরা ১০০ দিনের কাজ করেছেন, তাঁদের টাকা বন্ধ করে দিচ্ছেন। এমন ৫৯ লক্ষ কর্মীকে টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়”।

RELATED Articles