বর্ষশেষের আগে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল, শুক্রবারই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গিয়েছেন দিল্লি। তিনি জানান, এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সাধু-সন্তদের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।
লোকসভা নির্বাচনের আগে এমন একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যদি প্রধানমন্ত্রী কলকাতায় আসেন, তাহলে তা বিজেপি কর্মীদের অনুপ্রাণিত করবে বলেই মত সুকান্ত মজুমদারের। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও। আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
কবে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান?
জানা গিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ময়দানে আয়োজন হতে চলেছে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের। এই অনুষ্ঠানটি আয়োজন করছে নানান মঠ ও মন্দিরের তরফে গঠিত লক্ষ কণ্ঠে গীতা পাঠ নামের এক কমিটি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেই গতকাল, শুক্রবার দিল্লি যান সুকান্ত মজুমদার। এদিন সাধু-সন্তের এক প্রতিনিধি দলও ছিল তাঁর সঙ্গে।
এদিন সন্ধ্যাতেই সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার নিশ্চিত করেন যে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে যোগ দেবেন লক্ষ লক্ষ মানুষ। ইতিমধ্যেই ১ লক্ষ ২০ হাজার মানুষ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন বলে খবর।
উল্লেখ্য, সামনেই লোকসভা নির্বাচন। এর আগে বাংলায় জনসংযোগ বাড়াতে উদ্যত গেরুয়া শিবির। যদিও এই লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের সঙ্গে বিজেপির সরাসরি কোনও যোগ নেই। তবে এই অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে সুকান্ত মজুমদারের দিল্লি যাত্রা স্পষ্ট করে দিয়েছে যে এই অনুষ্ঠান মঠ ও মন্দিরের তরফে আয়োজন করা হলেও, এর পিছনে বিজেপি তো রয়েছেই। লোকসভা নির্বাচনের আগে এটি বিজেপিরই একটি কর্মসূচি ধরে নেওয়া যেতেই পারে।





