রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ৩০ নভেম্বর পর্যন্ত জেলেই থাকবেন তিনি। গতকাল, শুক্রবার ছিল মন্ত্রীর জন্মদিন। প্রতি বছরই তাঁর অনুগামীরা মন্ত্রীর জন্মদিন বেশ হইহই করে পালন করতেন। তবে এই বছরটা আলাদা। জেলবন্দি মন্ত্রী। সেই কারণে ‘বালু’র জন্মদিনটা খানিকটা আলাদাভাবেই পালন করলেন তাঁর অনুগামীরা।
কীভাবে পালন হল বালুর জন্মদিন?
হাবড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে পুরসভা পরিচালিত বিবেকানন্দ ভবন নামে একটি আবাসন রয়েছে। গতকাল, শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিন উপলক্ষ্যে সেই আবাসনে থাকা ভবঘুরে আবাসিকদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় পুরসভার তরফে। প্রত্যেক বছরই স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীর জন্মদিনে এই আয়োজন করা হয়। ইডির হাতে গ্রেফতারের পর জেলবন্দি থাকলেও এদিন বালুর ৬৭তম জন্মদিন একইভাবে পালন করল পুরসভা।
এদিন এই আয়োজনে উপস্থিত ছিলেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা-সহ অন্যান্য কাউন্সিলররা। ৫৫ জন আবাসিকদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল এদিন। মেনুতে ছিল সরু চালের ভাত, ডাল, আলুভাজা, কাতলা মাছ, সর্ষে পাবদা, চাটনি, পাঁপড়, দই। শেষ পাতে ছিল হজমোলাও। এদিন আবাসিকরা খুব খুশি মনে খাবার খেলেন।

এদিনের এই আয়োজন প্রসঙ্গে হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা বলেন, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে প্রতিবছরই আমরা আবাসিকদের দুপুরের আহারের ব্যবস্থা করি। সেই মতো এবছরও করা হল। ঈশ্বরের কাছে ওনার দীর্ঘায়ু কামনা করি। অন্যায়ভাবে ইডি তাঁকে গ্রেপ্তার করেছে। আশা করি উনি সুবিচার পাবেন। নির্দোষ প্রমাণিত হয়ে স্বমহিমায় আবার হাবড়ায় এসে মানুষের জন্য কাজ করবেন”।

এই আয়োজন নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “উনি দীর্ঘদিন বাঁচুন। কিন্তু জেলের ভিতর বাঁচবেন না বাইরে বাঁচবেন সেটা জানা নেই। ওনার জন্য ভোজ হচ্ছে। যারা চোর, দুর্নীতিগ্রস্ত তাঁরা হইচই করবেন, এটা তো তৃণমূলে স্বাভাবিক”।





