ফের নতুন প্রতারণা চক্রের পর্দা ফাঁস কলকাতায়। তবে এবার আর অনলাইন নয়। শহরের রাস্তা থেকেই হত এই প্রতারণা। এই ঘটনায় জড়িত তৃণমূল নেতা ‘সুব্রত বক্সির জামাই’। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে পেশ করা হবে তাকে।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
জানা গিয়েছে, সম্প্রতি এক ব্যক্তি আনন্দপুর থানায় প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করতে নেমে লোক ঠকানোর এই কাণ্ডের কথা জানতে পারে পুলিশ। জানা গিয়েছে, বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত বক্সির জামাইয়ের পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির থেকে টাকা তোলে এক প্রতারক।
এই প্রতারকের নাম দীপঙ্কর দাস। আরাবানায় থাকত ওই অভিযুক্ত। ওই প্রতারককে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি নীল বাতি লাগানো দুটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ, এই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, দীপঙ্কর দাস নামে ওই ব্যক্তি নিজেকে তৃণমূল নেতা সুব্রত বক্সির জামাই বলে পরিচয় দিত। আর সেই পরিচয় দিয়েই একাধিক লোকের থেকে টাকা নিয়ে ‘তোলাবাজি’ চালাত অভিযুক্ত ব্যক্তি, এমনটাই অভিযোগ। সূত্রের খবর, তৃণমূল নেতার আত্মীয় বলে পরিচয় দিয়ে শুধু একজন নয়, একাধিক ব্যক্তির থেকে মোটা অঙ্কের টাকা তুলে প্রতারণা করেছিল এই দীপঙ্কর দাস।
গ্রেফতারের পর এই অভিযুক্তকে জেরা করেছে আনন্দপুর থানার পুলিশ। জানা গিয়েছে, আহ, শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই প্রতারণা কাণ্ডের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, আরও কতজনের থেকে এভাবে টাকা তোলা হয়েছিল, অভিযুক্তকে জেরা করে এই সমস্ত তথ্য পেতে চায় পুলিশ।





