এর আগেও তৃণমূলের বিরুদ্ধে নানান প্রতারণার অভিযোগ উঠেছে। এবারও তেমনই এক ঘটনা ঘটল। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়াল এই প্রতারণার ঘটনায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তাঁর সই জাল করে প্রতারণার অভিযোগ উঠল এবার। সাংসদের সই জাল করে ঠকানো হচ্ছিল সাধারণ মানুষকে। সেই সই নকল করে চিঠির বিবৃতিও তৈরি করা হত বলে অভিযোগ।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
এই ঘটনায় অভিযুক্তের নাম জুনেইদুল হক চৌধুরী। কলকাতার অয়াম অ্যাভিনিউয়ের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এই অভিযুক্ত তৃণমূলের নাম ভাঙ্গিয়ে একাধিক লোকের সঙ্গে প্রতারণা করে চলেছেন। তৃণমূলের লেটার হেড থেকে শুরু করে নোটিশ নকল, এমন নানান কাজ করে সাধারণ মানুষকে ঠকাচ্ছিলেন তিনি।
এই অভিযুক্ত আবার নিজেকে প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেও পরিচয় দিয়েছেন সকলের কাছে। তাবড় তাবড় নেতাদের সই জাল করে লোক ঠকানোর কাজ চলছিল দীর্ঘদিন ধরেই। এমনকি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সইও নকল করেছে ওই অভিযুক্ত, এমনটাই অভিযোগ।

এই ঘটনার কথা জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হয় তৃণমূল। শেক্সপিয়র সরণী থানায় অয়ন ঘোষ দস্তিদার নামের এক তৃণমূল কর্মী এই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অয়নের অনুমান, এই কাজের সঙ্গে অভিযুক্ত একা জড়িত নন। তার সঙ্গে আরও কেউ কেউ যুক্ত থাকতে পারে এই প্রতারণার ঘটনায়।
অয়নের দাবী, তৃণমূলের নাম খারাপ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই কাজ করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাছে অয়ন ঘোষ দস্তিদারের দাবী, অভিযুক্তকে জেরা করে যাতে দ্রুত এই বিষয়টির তদন্ত করা হয়।






