রাজ্যের একাধিক পুরসভায় যে নিয়োগ দুর্নীতি হয়েছে, তা স্পষ্ট। এই নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি। এরই মাঝে উঠে এল এক অভিযোগ। পুরসভায় চাকরি দেওয়ার নামে তোলা হচ্ছে টাকা। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বিজ্ঞাপন দিয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের পুরসভায়। এই ঘটনায় ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
বিগত বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন বেশ ঘোরাফেরা করছে। তাতে লেখা হুগলির শ্রীরামপুরের পুরসভায় চাকরি দেওয়া হবে। পুরসভার একটি ঘর ভাড়া করে চলছিল ফর্ম ফিলাপের কাজও। ফর্ম ফিলাপ ও প্রশিক্ষণ দেওয়া বাবদ টাকা তোলা হচ্ছিল। ভিড় জমাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা।
একথা পৌঁছয় পুরসভাতে। এরপরই নড়েচড়ে বসে পুরসভা। বিজ্ঞাপন-সহ পুলিশের দ্বারস্থ হয় পুরসভা। এফআইআর দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় গতকাল, রবিবার রাতে চারজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সুজিত সিং, সৈকত মণ্ডল, সুমিত হালদার ও মৈনাক চট্টোপাধ্যায়। এদের মধ্যে একজন বালি ও বাকি তিনজন সিঙ্গুরের বাসিন্দা। জানা গিয়েছে, আজ, সোমবার শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তদের। পুলিশ সূত্রে খবর, ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা জানান, চাকরি দেওয়ার কোনও বিজ্ঞাপন বা নোটিশ দেওয়া হয়নি পুরসভার তরফে। সেই কারণে পুরসভার তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়ে। তদন্ত শুরু করেছে পুলিশ।
তদন্তকারীদের অনুমান, এই ধৃতরা কোনও বড় প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। যারা চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে টাকা তোলে, সেই দলের সঙ্গে এরা জড়িত থাকলেও থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের নাম জানার চেষ্টা করছে পুলিশ।





