নৃত্যশিল্পীকে খুন করার অভিযোগ উঠল তাঁরই লিভ ইন পার্টনারের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার করা হয় ওই লিভ ইন পার্টনার মিঠুন বিশ্বাসকে। আজ, রবিবারই তাকে মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ধৃতকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
সূত্রের খবর, নিহত তসলিমা বিবি পেশায় একজন নৃত্যশিল্পী। বিয়েও হয়ে গিয়েছিল তাঁর। তবে তাঁর স্বামী নানান অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকায় পুলিশ গ্রেফতার করে তাঁকে। আপাতত জেলবন্দি সে। অভিযোগ উঠে যে সেই স্বামী নাকি তসলিমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন।
এরই মধ্যে মিঠুন বিশ্বাস নামের একজনের সঙ্গে আলাপ হয় তসলিমার। অল্প কিছুদিনের মধ্যেই একটা সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। শারীরিক সম্পর্কও ছিল তাদের মধ্যে। একসঙ্গে থাকার পরিকল্পনা করেন তারা। কিন্তু এখনই বিয়ে করতে চান নি দুজন।
এই কারণে দিন দুয়েক আগে বসিরহাটে পঞ্চাননতলায় একটি বাড়ি ভাড়া নেন তসলিমা ও মিঠুন। তবে বাড়ির মালিককে তারা জানিয়েছিলেন যে তারা বিবাহিত। কিন্তু পারিবারিক কিছু সমস্যা থাকায় নিজেদের বাড়িতে থাকছেন না তারা। তাই বাড়ি ভাড়া নিতে চান।
গতকাল, শনিবার সন্ধ্যায় মিঠুন বাড়ির মালিককে জানান যে তসলিমা নাকি বাথরুমে পড়ে গিয়েছেন। কোনও চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য সাহায্য চান তিনি, তড়িঘড়ি দৌড়ে যান বাড়ির মালিক। তিনি গিয়ে তসলিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ খবর পেয়ে পৌঁছয় সেখানে।
কিন্তু এরই মধ্যে কার্যত পালিয়ে যায় মিঠুন। সেদিন রাতেই হিঙ্গলগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মিঠুনের এভাবে পালিয়ে যাওয়ার চেষ্টায় বেশ রহস্য দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে যে সেই খুন করেছে তসলিমাকে। গোটা বিষয়টির তদন্ত করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে তসলিমার জেলে বন্দি স্বামীর কোনও যোগ রয়েছে কী না, তাও খতিয়ে দেখা হচ্ছে।





