পঞ্চায়েত নির্বাচনের আগে উদ্ধার অস্ত্রশস্ত্র-আগ্নেয়াস্ত্র, গ্রেফতার তৃণমূল নেতা ও তাঁর ৩ সঙ্গী, শোরগোল ক্যানিংয়ে

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে ক্যানিংয়ে উদ্ধার অস্ত্রশস্ত্র। এই ঘটনায় অস্ত্রশস্ত্র-সহ গ্রেফতার করা হল এক তৃণমূল নেতা ও তার ৩ সঙ্গীকে। তাদের পাকড়াও করা হয় দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার বাহির সোনা এলাকা থেকে।

সূত্রের খবর, গতকাল, রবিবার রাতে একটি গাড়ি করে চারজন ক্যানিং থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পায় যে তাদের কাছে অস্ত্রশস্ত্র রয়েছে। গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। কিন্তু পুলিশকে দেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এর জেরেই সন্দেহ বাড়ে পুলিশের।

গাড়িটির পিছনে ধাওয়া করে আটকানো হয় ওই গাড়িটিকে। এরপর গাড়িতে চলে জোর তল্লাশি। গাড়ি থেকে একটি চপার, বন্দুক, এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়। বেশ কিছু নগদ টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম খলিল আলি মোল্লা, রমজান মোল্লা, আমিনুদ্দিন মোল্লু, ও নজরুল লস্কর। ধৃতরা প্রত্যেকেই ক্যানিংয়ের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে একাধিক খু’ন ও ডাকাতির অভিযোগ রয়েছে।

পুলিশের দাবী, অভিযুক্ত খলিল মোল্লা ক্যানিংয়ের টেংরাখালির বাসিন্দা। তিনি এলাকায় তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। তিন বছর আগে তৃণমূল প্রধানের স্বামীকে খু’ন করেন খলিল। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে দাঁড়িয়া পঞ্চায়েতের বুথ সভাপতি বাবুরালি লস্করকে খুন করার পরিকল্পনা করেছিল খলিল। সেই লক্ষ্যেই সে সঙ্গীদের নিয়ে যাচ্ছিল।

অন্যদিকে, বাবুরালি লস্করও দাবী করেন, তাঁর কাছ থেকে এলাকার ক্ষমতা কেড়ে নিতেই খু’নের ছক কষা হয়েছিল। তিনি বাড়ির বাইরে আসলেই খু’ন করা হত। সেটা পুলিশ আগে জানতে পেরেই দুষ্কৃতীদের গ্রেফতার করে।

এই বিষয়ে ক্যানিং থানার এক পুলিশ জানান, “আমাদের কাছে গোপন সূত্রে খবর আসছিল যে এই চারজন দুষ্কৃতী কিছু একটা পরিকল্পনা করছে। কিন্তু সেই বিষয়ে সঠিক তথ্য ছিল না বলে আমরা গ্রেফতার করতে পারছিলাম না। কিন্তু কাল সন্ধ্যেবেলা এই বিষয়ে আমাদের কাছে পাকা খবর আসে যে এরা একজনকে খু’ন করার পরিকল্পনা করেছে এবং সেই খুন আজকের মধ্যেই হতে পারে। তখন আমরা অ্যাকশন নিই, ও অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করি”।

RELATED Articles