প্রেমিকাকে প্রেমে ধোঁকা। এর জেরে প্রেম দিবসটা কোনও রোম্যান্টিক ডেটে গিয়ে নয়, জেলের ভিতরেই কাটাতে হল প্রেমিককে। প্রেমিকাকে প্রতারণা করার জেরে যুবকের ঠাঁই হল শ্রীঘরে। ভ্যালেন্টাইনস ডে-তে এমনই ঘটনা সামনে এল এবার।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরোতে। বছর দুয়েক আগে কর্মসূত্রেই দাসিহিড়া গ্রামের বাসিন্দা অশোক মাঝির সঙ্গে পরিচয় হয় এক তরুণীর। ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে। প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ওই যুবক বিয়ের প্রতিশ্রুতিও দেন তরুণীকে। প্রেমে অন্ধ হয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন তরুণী নিজের প্রেমিককে। যুবকের বিষয়ে ঠিকভাবে খোঁজ নেওয়ার প্রয়োজনই মনে করেন নি।
এরই মধ্যে ঘটে এক ঘটনা। তরুণী জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। প্রেমিককেও জানান সেই খবর। ভেবেছিলেন প্রেমিকও হয়ত তাঁরই মতো এই খবর শুনে খুশি হবে আর তাঁকে বিয়ে করতে আর দেরি করবে না। কিন্তু তেমনটা তো হল না। উল্টোটাই হল বরং!
প্রেমিকার অন্তঃসত্ত্বা হওয়ার কথা শুনেই বেঁকে বসেন যুবক। বলে দেন তিনি আর এই সম্পর্ক চান না। ব্রেক আপ করে দেন মুহূর্তে। এও জানান যে তিনি আগে থেকেই বিবাহিত, তাই তরুণীকে বিয়ে করতে পারবেন না। তা শুনে যেন পায়ের তলা থেকে মাটি সরে যায় তরুণীর। কী করবেন ভেবে কূলকিনারা পাচ্ছিলেন না।
কিছুদিন চুপ থাকলেও, প্রেম দিবসের রাতে বোরো থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই যুবককে গ্রেফতার করে পুলিশ। গতকাল, বৃহস্পতিবার ওই যুবককে পুরুলিয়া আদালতে তোলা হয়। ১৪ দিনের জেল হেফাজত হয়েছে যুবকের। অন্যদিকে, ওই তরুণীকে মেডিক্যাল টেস্ট করানোর পর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে গোপন জবানবন্দি নেওয়া হয় তাঁর।





