Ram Navami 2025: রামনবমীর দিন বাংলা কি রণক্ষেত্র হতে চলেছে? রামনবমীর আগেই তৎপর পুলিশ বাহিনী!

রামনবমী (Ram Navami) মানেই বাংলার এক বিশেষ দিন। উৎসবের আবহ, হিন্দু ধর্মাবলম্বীদের ভক্তি, মিছিল, গান, শোভাযাত্রায় ভরে ওঠে রাজ্যের নানা প্রান্ত। কিন্তু বিগত কয়েক বছর ধরেই এই দিন ঘিরে রাজ্যে উত্তেজনার পারদ অনেকটাই চড়েছে। কোথাও ইট-পাটকেল, কোথাও মিছিল আটকানো, কোথাও আবার তীব্র রাজনৈতিক সংঘর্ষ। ফলে, সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে — এবারে রামনবমীতে (Ram Navami 2025) পরিস্থিতি কোন দিকে গড়াবে?

এমন পরিস্থিতিতে রাজ্যবাসীর চিন্তা স্বাভাবিক। কারণ, উৎসবের আনন্দ অনেকেই পরিবারের সঙ্গে ভাগ করে নিতে চান শান্তিপূর্ণ পরিবেশে। কিন্তু আশঙ্কা থেকেই যায়, যদি আবার কোথাও গোলমাল বাধে! তাই রাজ্যবাসীর চোখ এখন প্রশাসনের দিকে। দেখা যাক, এবারে কী কী প্রস্তুতি নিয়েছে পুলিশ এবং প্রশাসন।

কলকাতা থেকে জেলায়, সর্বত্র কড়া নজর রাজ্য পুলিশের

সূত্রের খবর, কলকাতা শহরকে এবার বিশেষ গুরুত্ব দিয়েই নজরদারি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, সাড়ে তিন হাজার থেকে চার হাজার পুলিশ কর্মী শুধুমাত্র কলকাতায় মোতায়েন থাকবেন। বড় বড় মিছিলে থাকবেন ডিসি, যুগ্ম কমিশনার, এসি-র মতো পদস্থ আধিকারিকরা। এছাড়াও প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, মিছিলের রুট ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে।এবারের রামনবমীতে শহরে মোট ৫৯টি মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে পাঁচটি মিছিল বড়। এই মিছিলগুলি এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস এবং কাশীপুর এলাকা থেকে বেরোবে বলে খবর। প্রতিটি মিছিলে থাকবে পর্যাপ্ত পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা থাকবেন মিছিলের সামনে, পিছনে এবং আশেপাশে।

শুধু তাই নয়, আকাশপথেও থাকছে পুলিশের কড়া নজর

লালবাজার (Lalbazar) সূত্রে খবর, এবারে মিছিলের রাস্তায় বহুতল বাড়ির ছাদেও নজরদারি চালাবে পুলিশ। আগের অভিজ্ঞতা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কারণ, এর আগে একাধিক ঘটনায় অভিযোগ উঠেছিল ছাদ থেকে ইট বা পাথর ছোঁড়ার। তাই এবার ড্রোন ক্যামেরা, সিসিটিভি এবং বডি ক্যামেরা-সহ একাধিক প্রযুক্তির সাহায্যে নজরদারি চলবে মিছিলের উপর। একই সঙ্গে পুলিশকে জানানো হয়েছে, মিছিলের মধ্যে অস্ত্র নিয়ে কেউ হাঁটলে সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তাছাড়া, কোনও মোটরবাইক মিছিল বা ডিজে বাজানোও নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম অমান্য করলে কড়া পদক্ষেপ নেবে পুলিশ।

গোটা রাজ্যে নজরদারির জন্য নিযুক্ত ২৯ জন আইপিএস অফিসার

শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই অশান্তি এড়াতে তৎপর রাজ্য পুলিশ। জানা গিয়েছে, ১০টি জেলা এবং পুলিশ কমিশনারেটকে ইতিমধ্যেই ‘সংবেদনশীল’ বলে ঘোষণা করা হয়েছে। বিশেষ নজর দেওয়া হবে আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে। এর পাশাপাশি, রাজ্য সরকারের তরফে ২৯ জন আইপিএস অফিসারকে বিশেষ দায়িত্ব দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। সোমবার পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সামলাবেন।

আরও পড়ুনঃ ওষুধ ছিল, ব্যবস্থা ছিল, তবু বাঁচল না ৩ বছরের শিশু! SSKM হাসপাতালের অবহেলা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন

সব মিলিয়ে রামনবমীকে কেন্দ্র করে কোনও রকম গন্ডগোল বা বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন একেবারেই কোনও ঝুঁকি নিতে নারাজ। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা জানিয়ে দিয়েছেন, আইন ভাঙলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে বিজেপি (BJP) এবং তৃণমূল (TMC)-সহ সমস্ত রাজনৈতিক দলের মিছিলের উপর নজর রাখবে পুলিশ। যাতে কোথাও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ, উৎসব হোক শান্তির, হিংসার নয় — সেটাই চাইছেন রাজ্যের সাধারণ মানুষ।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles