হাওড়ার শিবপুরে ফের একবার রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এল তৃণমূল ঘনিষ্ঠ নেতা শামিম আহমেদ ওরফে বড়ে’র নাম। ভোট-পরবর্তী অশান্তির মামলায় দীর্ঘদিন ধরেই ফেরার এই নেতার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। আর সেই তল্লাশিতেই সামনে এল এমন কিছু ছবি ও তথ্য, যা ঘিরে এখন তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিলাসবহুল বাড়ি, গোপন সুড়ঙ্গ, দামি আসবাব, সব মিলিয়ে যেন সিনেমার দৃশ্যকেও হার মানাচ্ছে শিবপুরের এই ঘটনা।
মধ্য হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামিম আহমেদ ওরফে বড়ে দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে দাবি, প্রাক্তন মন্ত্রী অরূপ রায়-এর ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় তাঁর দাপট ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি ভোটের ফল ঘোষণার পর চওড়া বস্তি এলাকায় বিজেপির এক সংখ্যালঘু নেতার বাড়িতে হামলার অভিযোগ ওঠে শামিমের বিরুদ্ধে। অভিযোগ, ঘটনাস্থলে বোমাবাজি ও গুলিচালনার ঘটনাও ঘটে। তারপর থেকেই কার্যত উধাও হয়ে যান তিনি। সেই সূত্র ধরেই তাঁর বাড়িতে হানা দেয় শিবপুর থানার পুলিশ।
পুলিশের তল্লাশিতে যা সামনে এসেছে, তা দেখে কার্যত হতবাক তদন্তকারীরাও। বাইরে থেকে সাধারণ বাড়ি মনে হলেও ভিতরে প্রবেশ করতেই চোখ ধাঁধিয়ে যায়। রাজপ্রাসাদের মতো সাজানো অন্দরমহল, দামী আসবাবপত্র, কারুকার্য করা ড্রেসিং টেবিল, বিশাল পালঙ্ক সব মিলিয়ে বিলাসিতার ছাপ স্পষ্ট। তবে সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে বাড়ির ভিতরে পাওয়া গোপন সুড়ঙ্গ ঘিরে। তদন্তকারীদের দাবি, বাড়ির একাংশ থেকে নীচের দিকে নেমে গিয়েছে সেই সুড়ঙ্গ। সেখানে রাখা ছিল একাধিক মূল্যবান জিনিসপত্র।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি নেতাদের দাবি, হাওড়ার একাংশে দীর্ঘদিন ধরে অপরাধ ও দাপটের রাজনীতি চলেছে রাজনৈতিক ছত্রছায়াতেই। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, “গুহা-সুড়ঙ্গ আরও অনেক কিছুই বেরবে। টাকার পাহাড়ও বেরবে।” অন্যদিকে শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ অভিযোগ করেন, “৫০০ বছরের পুরনো শহরকে নষ্ট করে দেওয়া হয়েছে। জমি দখল, প্রোমোটিং, মাদক ব্যবসা সব কিছুর পিছনেই রয়েছে একটি চক্র।” তাঁর আরও দাবি, শামিমের মতো বহু অপরাধীকে রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছে।
আরও পড়ুনঃ ভোটে হার, রাজনীতি থেকে দূরে সরে এবার শুভশ্রীকে নিয়ে দেশ ছাড়লেন রাজ চক্রবর্তী! কথায় গেলেন তারকা দম্পতি?
যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি অরূপ রায় বা তৃণমূল কংগ্রেসের তরফে। তবে শিবপুরে এই তল্লাশি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। গোপন সুড়ঙ্গ থেকে শুরু করে বিলাসবহুল অন্দরসজ্জা সব কিছু নিয়েই এখন জোর চর্চা চলছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, ফেরার শামিম আহমেদের খোঁজে তল্লাশি ও তদন্ত দু’টিই জোরদার করা হয়েছে।






