পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দামবৃদ্ধি, নতুন শ্রম কোড, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ, কেন্দ্র সরকারের এমন নানান নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২৮ ও ২৯শে মার্চ ভারত বনধের ডাক দেয় সিপিএম। এই রাজ্যে সেভাবে বনধের প্রভাব না পড়লেও রাজ্যের নানান প্রান্তে বিক্ষিপ্ত কিছু ঘটনা খবর সামনে আসে।
গতকাল, সোমবার সকালেই খবর মেলে যে যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ডে অবরোধ দেখায় বামেরা। ট্রেন অবরোধও করে। এর জেরে প্রায় ২০ মিনিট ব্যাহত হয় ট্রেন চলাচল। শুধু তাই-ই নয়, কোচবিহার থেকেই কিছু অশান্তির ঘটনা উঠে আসে।
এরই মধ্যে ভাইরাল হয়েছে বনধের একটি ভিডিও। গতকাল, সোমবার দুর্গাপুর স্টেশন রোডে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের বাস আটকান ধর্মঘটে সামিল বিক্ষোভকারীরা। দুর্গাপুর-বাঁকুড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এই রাস্তা অবরোধের জেরে পুলিশ ও ধর্মঘটীদের মধ্যে বাঁধে বচসা। শুরু হয় ধাক্কাধাক্কি। আর এই ধাক্কাধাক্কির কারণে রাস্তায় উলটে পড়ে যান এক পুলিশ কর্মী।
সেই ভিডিওই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও নিয়ে নানান মানুষের নানান প্রতিক্রিয়া। এই ভিডিও দেখে কেউ কেউ বামেদের বিরুদ্ধে গর্জে উঠেছে। কারোর মতে, রাজ্য পুলিশকে অবমাননা করা হয়েছে। তো আবার কেউ এই ভিডিও নিয়ে বেশ মজা করেছেন।
কেউ ভিডিও দেখে লিখেছেন, “এ কেমন পুলিশ, যে এই ধাক্কাতেই উলটে গেল”। তো আবার কারোর মতে, “শুধু ধাক্কা লেগে পড়ে গিয়েছে, তার জন্য এত জন লোক লাগছে তাকে তুলতে। পুলিশের নামে কলঙ্ক”। এমন নানান মিশ্র প্রতিক্রিয়ায় ভরে উঠেছে এই ভিডিওর কমেন্ট বক্স।





