মোষে টানা গাড়িতে কয়লা পাচার, ১২ টন অবৈধ ‘কালো হিরে’ উদ্ধার করল পুলিশ, ফের জোর হইচই অনুব্রতর গড়ে

পরপর ৬টি মোষে টানা গাড়ি। তাতে খড়, বিচুলি এসবই বিছানো। কিন্তু তাতে পুলিশের নজর পড়তেই ঘটল বিপত্তি। তড়িঘড়ি গাড়ি ছেড়ে চম্পট চালক ও অন্যান্যরা। সেই মোষে টানা গাড়িগুলি তল্লাশি করতেই বেরিয়ে এল অমূল্য রতন। ১২ টন অবৈধ কয়লা উদ্ধার করল বীরভূমের সদাইপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, আজ, শুক্রবার ভোরে বীরভূমের দুবরাজপুর ব্লকের রেঙ্গুনি গ্রামের রাস্তায় ৬টি মোষে টানা গাড়িতে করে পাচার করা হচ্ছিল কয়লা। পুলিশ সূত্রে খবর, দুবরাজপুরের সালুঞ্চি গ্রামের উপর দিয়ে সদাইপুর এলাকা হয়ে সিউড়ির দিকে যাচ্ছিল ওই ৬টি মোষের গাড়ি।

ওই গারিগুলিতে অবৈধ কয়লা বোঝাই করা ছিল বলে জানা গিয়েছে। সদাইপুর থানার ওসি মিকাইল মিঞার নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী মোষের গাড়িগুলিকে আটকায়। তা থেকে বাজেয়াপ্ত করা হয় ১২ টন অবৈধ কয়লা। ওই বিপুল পরিমাণ কয়লা কোথায় পাচার করা হচ্ছিল, তা যদিও এখনও জানা যায়নি। মোষের গাড়ির চালক-সহ অন্যান্যরা পলাতক। তাদের খোঁজ শুরু হয়েছে।

গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। কিছুমাস আগেই গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর এবার সেই অনুব্রত গড়েই অবৈধ কয়লা পাচারের ঘটনা যে বিরোধীদের বাড়তি অক্সিজেন জোগাবে, তা বলাই বাহুল্য। এই ঘটনার জেরে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের একবার উঠল প্রশ্ন।

RELATED Articles