স্কুল থেকে চুরি যায় কম্পিউটার, উদ্ধার হল তৃণমূল নেতার বাড়ি থেকে, গ্রেফতার ১, অস্বস্তিতে শাসকদল

স্কুল থেকে চুরি গিয়েছিল বেশ কয়েকটি কম্পিউটার (stolen computer)। সেই চুরির তদন্ত করতে নেমে উঠে এল এক বিস্ফোরক তথ্য। সেই কম্পিউটারই উদ্ধার করা হল এক স্থানীয় তৃণমূল নেতার (TMC leader) বাড়ি থেকে। এই ঘটনায় গোটা এলাকায় বেশ শোরগোলের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে চোপড়া থানার মোলানি গ্রামে। জানা গিয়েছে, গত ২২শে মে গভীর রাতে চোপড়ার মাঝিয়ালি হাইস্কুলের নাইট গার্ডের মাথায় বন্দুক ঠেকিয়ে বেশ কিছু কম্পিউটার ও কয়েক লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে কিছু দুষ্কৃতী। এই ঘটনার তদন্ত শুরু করে চোপড়া থানার পুলিশ।

আর তদন্তে নেমেই স্কুলের সেই চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার হয় ওই এলাকার মোলানি গ্রামের বাসিন্দা তথা স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ কাদেরের বাড়ি থেকে। মোট ছ’টি কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনার এক মাসের মধ্যেই গতকাল, সোমবার চুরি যাওয়া কম্পিউটার তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হল।

জানা গিয়েছে, এই মহম্মদ কাদের দলের মাঝিয়ালি অঞ্চল কোর কমিটির সদস্য। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবী, মহম্মদ কাদেরকে ইতিমধ্যেই নাকি দলবিরোধী কার্যকলাপের জেরে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আকবর আলি বলেন, “চুরির ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নেই। মহম্মদ কাদেরকে দলবিরোধী কাজের অভিযোগে আগেই বহিষ্কার করা হয়েছে”। অভিযুক্ত তৃণমূল নেতা মহম্মদ কাদেরকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর