ফের রাজ্যে উদ্ধার লক্ষাধিক টাকা! ৬০ লক্ষ টাকা নিয়ে ট্রেনে সফর, যুবককে হাতেনাতে ধরল পুলিশ

লক্ষাধিক টাকা নিয়ে সফর ট্রেনে। চেকিংয়ে টাকা উদ্ধার হতেই পুলিশ গ্রেফতার করল যুবককে। নৈহাটি জিআরপি থানার পুলিশ গ্রেফতার করেছে ওই যুবককে। জানা যাচ্ছে, যুবকের ব্যাগে ৬০ লক্ষ টাকা ছিল। তবে সে ওই টাকা নিয়ে কোথায় যাচ্ছিল, বা কোথায় সে এত টাকা পেল, তা এখনও জানা যায়নি।

সূত্রের খবর, গতকাল, মঙ্গলবার সন্ধেয় নৈহাটি স্টেশনে রুটিন চেকআপ করছিল জিআরপি। সেই সময় আপ কল্যাণী লোকাল থেকে নামে এক যুবক। তার হাতে ছিল একটি ব্যাগ। তা দেখে সন্দেহ হয় পুলিশের।

পুলিশ সেই ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ। দেখা যায়, একের পর এক টাকার বান্ডিল সাজানো  ব্যাগের মধ্যে। এরপরই তাকে গ্রেফতার করা হয়। রাতভর দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর অনুযায়ী, ওই যুবক জানিয়েছে যে তার নাম অভিষেক সোনকার। তার বয়স ২৪ বছর।

কিন্তু এত টাকা কোথা থেকে এল? সে কোথায় যাচ্ছিল এত টাকা নিয়ে, সে উত্তর অবশ্য এখনও মেলেনি। ধৃত ওই যুবকের দাবী, তার ব্যাগে ৬০ লক্ষ টাকা রয়েছে। গতকাল যখন ওই টাকা উদ্ধার হয়, তখন ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছিল। ফলে ব্যাঙ্কের আধিকারিকদের ডেকে টাকা গোনা সম্ভব হয়নি। আজ সকালে টাকা গোনা হলে জানা যাবে ঠিক কত টাকা ছিল ওই যুবকের কাছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই টাকা নাকি নৈহাটিতে একজনকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল অভিষেক। কে তিনি, কেন এই বিপুল অর্থ লেনদেন? নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও অন্যান্য খবর