আনন্দ করতে গিয়েই কাল হল। সুরার টানে ভেসে গিয়ে এবার করোনা আক্রান্ত হওয়ার জোগাড় প্রায় ৫০ জনের। সম্প্রতি লিলুয়ায় যে স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন তিনি আরও ৭ জনের সঙ্গে বসে মন ভরে মদ্যপান করেছিলেন। এবার তাঁর রিপোর্ট পজিটিভ আসতেই ঘাম ছুটল বাকি ৭ বন্ধুর। শেষমেষ প্রাণের ভয়ে বাকি বন্ধুরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে লিলুয়া রেল হাসপাতালের ওই স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি বন্ধুদের পরিবার সহ প্রায় ৪০ জনকেই পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।
লকডাউনের জেরে এমনিতে রাজ্য জুড়ে মদের দোকানেও নানা শর্তাবলি জারি করা হয়েছে। আর তারই মধ্যে লিলুয়া রেল হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী সোমবার রাতে আক্রান্ত এলাকার ৭ জনকে নিয়ে মদ্যপানের আসর বসিয়েছিলেন। রাত পেরোতে না পেরোতেই জ্বর ও কাশি শুরু হয় তাঁর। করোনা উপসর্গ সহ স্বাস্থ্যকর্মী মঙ্গলবার লিলুয়া রেল হাসপাতালেই ভর্তি হন। আক্রান্তের সঙ্গে যে ৭ জন মদ্যপান করেছিল তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রত্যেকের বাড়ির প্রায় ৪০ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। শুক্রবার তাঁদের টেস্ট করতে আসেন স্বাস্থ্যকর্মীরা।
ওই এলাকাটি প্রশাসনের তরফে বৃহস্পতিবার রাতে সিল করে দেওয়া হয়েছে। এলাকার সকলেই এই ঘটনার পর এখন রীতিমত আতঙ্কিত। কেবল উপযুক্ত প্রমাণ দিয়ে জরুরি কাজের জন্য স্থানীয়রা বাইরে যেতে পারবেন বলে জানিয়েছে পুলিশ।






