পথকুকুরদের দুর্ঘটনা থেকে বাঁচাতে বিশেষ উদ্যোগ পুলিশের, গলায় পরানো হল বিশেষ বেল্ট, খুশি পশুপ্রেমীরা

অনেক সময়ই এমন হয় যে ঘন কুয়াশার কারণে রাস্তা ভালোভাবে দেখা যায় না। রাস্তা দিয়ে অনবরত গাড়ি চলছে। আর সেই রাস্তা পেরোতে গিয়েই গাড়ির নীচে চাপা পড়ে যায় কত পথকুকুর। আবার পথকুকুরদের বাঁচাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে যান অনেক বাইক চালকও। সেই কারণে এবার পথকুকুরদের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে এক অভিনব উদ্যোগ নিল পুলিশ।

হঠাৎই পথচলতি মানুষরা দেখতে পেলেন পুলিশ কর্মীরা রাস্তার ধারে কুকুর ধরছেন। তাদের গলায় এক ধরণের বেল্ট পরানো হচ্ছে বলেও দেখেন তারা। প্রথমে বিষয়টি বুঝতে পারেন নি কেউই। তবে পরে সবটা স্পষ্ট হল।

জানা গিয়েছে, সুন্দরবনে বাঘের গতিবিধির উপর নজর রাখার জন্য যেমন বাঘের গলায় রেডিও কলার পরানো হয়, তেমনই কুকুরদের দুর্ঘটনা থেকে বাঁচাতে তাদের গলাতেও পরানো হল এই রিফ্লেক্টিং কলার বেল্ট। গাড়ির নীচে চাপা পড়া থেকে পথকুকুরদের বাঁচানোর জন্যই এমন উদ্যোগ পুলিশের।

কোথায় ঘটল এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে হুগলির মগড়ার চন্দ্রহাটিতে। গতকাল, মঙ্গলবার কুন্তিঘাট থেকে বিটিপিএস টাউনশিপ পর্যন্ত সমস্ত পথকুকুরদের গলায় এই রিফ্লেক্টিং কলার পরানো হয়। চন্দ্রহাটি ফাঁড়ির অফিসার রোলান্ড লিপাটের নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এই উদ্যোগে খুবই খুশি পশুপ্রেমীরাও।

কীভাবে কাজ করবে এই বেল্ট?

জানা গিয়েছে, দূর থেকে গাড়ির আলোতে এই কলারটি রিফ্লেক্ট করবে। এর ফলে গাড়ি বা বাইক চালকরা বুঝতে পারবেন যে সেখানে কোনও কুকুর রয়েছে। ফলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারবেন তারা। ফলে উভয়ের জীবনই বাঁচবে।   

কে এই রোলান্ড লিপাট?

চন্দ্রহাটি ফাঁড়ির এএসআই আগে পোস্টিং ছিলেন পাণ্ডুয়া থানায়। সেখানে সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক কাজ করেছেন তিনি। সেই কারণে যখন তাঁর বদলির নির্দেশ আসে, সেই সময় এলাকাবাসীরা থানায় গিয়ে অনুরোধ করেছিলেন যাতে তাঁকে বদলি না করা হয়। তবে নিয়ম অনুযায়ী বদলি হতেই হয় তাঁকে। এবার মগড়া এলাকাতেও নানান সমাজসেবামূলক কাজে ব্রতী হয়েছেন এই পুলিশ আধিকারিক।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles