আজ, বুধবার ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। এই বন্ধকে সফল করতে সকাল থেকেই রাস্তায় বিজেপি নেতা-কর্মীরা। রাজ্যজুড়ে নানান জায়গায় ছড়িয়েছে বিক্ষোভ। নানান অশান্তির ছবি সামনে আসছে সকাল থেকেই। এরই মধ্যে বিজেপি নেতা সজল ঘোষকে আটক করার ছবিও সামনে এল।
আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে গতকাল, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই মিছিলের উপর হামলা পুলিশের। ছোঁড়া হয় জলকামান, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। লাঠিচার্জ করে পুলিশ মিছিলের উপর। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে মিছিল থেকে। সেই ঘটনার প্রতিবাদেই আজ, বুধবার ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি।
বন্ধের দিন সকাল থেকেই নানান প্রান্ত থেকেই আসছে অশান্তির খবর। কোথাও ট্রেন অবরোধ করা হচ্ছে তো কোথাও আবার রাস্তা অবরোধ। সকালেই কোচবিহারের বিধায়ককে আটক করে পুলিশ। আর এবার বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে আটকের চেষ্টা পুলিশের।
জানা গিয়েছে, এদিন মুচিপাড়ায় দোকান খুলে রাখা নিয়ে ছড়ায় বিক্ষোভ। কোলে মার্কেটে গিয়ে কিছু দোকানের শাটার বন্ধ করে দেন তিনি। খুলে রাখা দোকান বন্ধ করার আর্জি জানান। কিন্তু তৃণমূল কর্মীরা পাল্টা দোকান খুলে দেয়। আর এর জেরেই শুরু হয় সংঘর্ষ। সজল ঘোষ জানান, যারা দোকান খুলে রেখেছে, তারা ধর্ষক। পাল্টা সজল ঘোষকে তোলাবাজ বলে কটাক্ষ করে তৃণমূলের কর্মীরা।
পুলিশের সামনেই হাতাহাতিতে জড়ায় তৃণমূল-বিজেপি কর্মীরা। তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। শেষে পুলিশ এসে সজল ঘোষকে আটক করার চেষ্টা করে। টেনে নিয়ে যাওয়া হয় তাঁকে। অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা। তবে বিজেপি কর্মী-সমর্থকদের হস্তক্ষেপে সজল ঘোষকে নিয়ে যেতে পারে নি পুলিশ। বিজেপির নেতা-কর্মীরা সজল ঘোষকে বাড়ি নিয়ে যান।






