‘দাপুটে’  বিজেপি নেতা শুভেন্দু’র হাই ভোল্টেজ সভার আগে বারুইপুরে ছিড়ে ফেলা হলো বিজেপির পতাকা! এলাকায় উত্তেজনা

তৃণমূল ত্যাগী দাপুটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাইভোল্টেজ সভার আগে বারুইপুরে পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা।

যথারীতি এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকেই আঙ্গুল তুলেছে বিজেপি শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ অর্থাৎ মঙ্গলবার বারুইপুরে হাইভোল্টেজ সভা রয়েছে শুভেন্দু অধিকারীরI রাজ্যের বর্তমান শাসক দলের শক্ত গড়ে দাঁড়িয়ে প্রতিপক্ষ অভিষেক বন্দোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্বের প্রতি তিনি কী বার্তা দেন সে দিকেই তাকিয়ে আছে সবাই। সেই সভার কয়েক ঘণ্টা আগে সোমবার সন্ধ্যায় বারুইপুরে বিজেপির দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলা কমিটির অফিসে এসে তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী শতাধিক সিপিএম,কংগ্রেস ও তৃণমূল কর্মী নিয়ে বিজেপিতে যোগ দেন। এই এই উত্তেজক যোগদানের পর থেকেই তেতে উঠছিল জেলার রাজনীতি।

আর এরই মধ্যেই উত্তেজনায় ঘৃতাহুতি দিয়ে মঙ্গলবার সকালে বারুইপুর পুর এলাকার সাত, আট ও ন’ নম্বর ওয়ার্ডে বিজেপির পতাকা পড়ে থাকতে দেখা যায়। যথারীতি শুভেন্দু অধিকারীর মেগা সভার আগে জেলার বিজেপি কর্মীরা দলীয় পতাকায় সাজিয়ে তুলেছিল এলাকা। এদিন সকালে দেখা যায় কেউ বা কারা সেসব ছিঁড়ে রাস্তার ধারে, খাল ও ঝোঁপের ভিতরে ফেলে রেখেছে। শুরু হয় হইচই।

এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা ভোলানাথ সামন্ত বলেন, “আজ আমাদের বারুইপুরে বিশাল জনসভা ও যোগদান মেলা রয়েছে। সে কারণে সোমবার সন্ধ্যা থেকে আমাদের কর্মীরা গোটা বারুইপুর জুড়ে দলের পতাকা, ফ্লেক্স, কাট আউট লাগিয়েছিল। বিদ্যুৎ দফতরের মদতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মাঝরাতে তৃণমূলের লোকজন সেগুলি নষ্ট করে খালে, জঙ্গলে ফেলে দিয়েছে। তৃণমূলের এই অপশাসন এবার শেষ হবে।”

যদিও বিজেপির এই দাবি উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি বিজেপির আদি-নব্যের দ্বন্দ্বেই এই ঘটনা ঘটেছে।

RELATED Articles