‘বাংলার ডেয়ারি’ দুধের দাম বাড়ল ২ টাকা, রাজ্য সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট বঙ্গবাসী

বাংলার শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেই বাংলার ডেয়ারির দুধ বেশ ভালোবাসেন। তবে এবার এই বাংলার ডেয়ারি দুধের দামই বেড়ে গেল লিটার প্রতি ২ টাকা। গতকাল, বৃহস্পতিবার থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে বলে খবর। আর এর জেরে বেশ অসন্তুষ্ট রাজ্যবাসী।

বাংলার ডেয়ারির তরফে এই দামবৃদ্ধির নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এই দাম বৃদ্ধির ফলে এখন সুপ্রিম; এসটিডি দুধের ৫০০ মিলি পাউচের লিটার প্রতি দাম ৫২ টাকা। স্বাস্থ্য সাথী প্যাকেটের লিটার প্রতি দাম দাঁড়াল ৪২ টাকা। আয়ূশ টোনড মিল্ক ৫০০ মিলির প্যাকেটের লিটার প্রতি নতুন দাম হল ৫০ টাকা। প্রাণসুধা, কাউ মিল্ক ৫০০ মিলি পাউচের লিটার প্রতি দাম বেড়ে হল ৪৮ টাকা, এবং স্বাস্থ্য; লুজ মিল্কের লিটার প্রতি দাম বেড়ে দাঁড়াল ৩৬ টাকা।

প্রাণিসম্পদ বিকাশ দফতরের দাবী, এই দাম বৃদ্ধির পরও বাজার চলতি অন্যান্য ব্র্যান্ডগুলোর দুধের তুলনায় সরকারি দুধের দাম লিটার পিছু ৮-১০ টাকা কম। কাঁচামাল ও অন্যান্য সামগ্রী দাম কারণে ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার জেরে রাজ্য সরকার দুধের দাম বাড়াতে বাধ্য হয়েছে। তবে দুধের দাম বাড়লেও দুগ্ধজাত দ্রব্যের দাম বাড়ছে না এখনই।

বলে রাখি, ২০২১ সালে রাজ্য সরকারের ‘বাংলার ডেয়ারি’ দুধের ব্র্যান্ড চালু হয়। এর লক্ষ্য ছিল ‘বাংলার পুষ্টি ও বাংলার সৃষ্টি’কে বিশ্বের দরবারে তুলে ধরা। প্রথমে বাংলার চাষিদের থেকে ৪ হাজার লিটার দুধ কেনা শুরু করেছিল রাজ্য সরকার। তবে পরবর্তীতে বিক্রয়ের পরিমাণ বাড়ায় দুধ ক্রয়ের পরিমাণও বেড়েছে। তবে এবার দুধের দাম ২ টাকা বাড়ায় চিন্তাও বাড়ল সাধারণ মানুষের।

RELATED Articles