আজ, সোমবার সবুজ পতাকা দেখিয়ে শততম কিসান রেলের সূচনা করে কৃষকদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গ পেল শততম কিসান রেল। যা চলার কথা মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত।
প্রধানত, দুই রাজ্যের মধ্যে কৃষিজ ফসল পরিবহণ করা হবে এই বিশেষ ট্রেনে।
এদিন এই ট্রেনের শুভ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড পরিস্থিতির মধ্যে কিসান রেলপথ সম্প্রসারিত হয়েছে। এবার শততম কিসান রেল চালু হল। আমি সারা দেশের সমস্ত কৃষককে অভিনন্দন জানাতে চাই।’
কিসান রেলের ব্যাপারে এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এটি কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ। দেশের হিমঘরগুলিকে আরও বেশি শক্তিশালী করে তুলবে কিসান রেল পরিষেবা। কিসান রেলকেই চলন্ত হিমঘর বলা যায়। দুধ, ফল, মাছ, সবজির মতো পচনশীল পণ্য এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে নিরাপদ পরিবহণ মাধ্যম কিসান রেল।’
গত শনিবারই কেন্দ্রীয় প্রকল্প কৃষি সম্মান নিধি বাংলায় চালু না হওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বাংলার কৃষকরা।
ভোটের মুখে সোমবার বাংলাকেই কিসান রেল দেওয়া রাজনৈতিক দিক থেকে অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্যের ওয়াকিবহল মহলের একাংশ।





