বিজেপিতে যোগ দিয়ে প্রথম থেকেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন সদ্য তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
আজ, সোমবার জঙ্গলমহলে পা রাখেন শুভেন্দু অধিকারী। এদিন ঝাড়গ্রামে লোধাশুলিতে কর্মিসভায় যান এই দুঁদে বিজেপি নেতা। সেখানে গিয়ে তিনি ঝাড়গ্রামের চারটি বিধানসভা আসনের সব কটিতে বিজেপি জিতবে বলে দাবি করেন।
তবে কন্টকবিহীন ছিলনা তাঁর এই যাত্রা! আজ ঝাড়গ্রাম যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে এদিন কালো পতাকা দেখান তৃণমূল কর্মী–সমর্থকরা। দেওয়া হয় গো ব্যাক স্লোগানও। যদিও তাতে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। কারণ কর্মিসভার পরই এদিন সংবাদমাধ্যমের কাছে ঝাড়গ্রামে তৃণমূলকে হারানোর বার্তা দিয়েছেন তিনি।
আজ একবার ফের সোমবার কর্মিসভা শেষে শুভেন্দু তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘বিজেপি তো একজনের পার্টি, দেড়জনের পার্টি নয়। বিজেপি একটা পরিবার।’ তাঁর অভিযোগ, জেলা পরিষদে বিজেপি ঝাড়গ্রামে জিতেছিল, কিন্তু গণনায় গোলমাল করা হয়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কথায়, ‘এখানে তো জেলা পরিষদে বিজেপি জিতেছে। মাঝরাতে গণনা চলাকালীন পুলিশ দিয়ে গোলমাল করে হারানো হয়েছে। সেটা আমি জানি।’





