শেষমেষ ইতি হতে চলেছে লকডাউনের। ৮ জুন থেকে পশ্চিমবঙ্গে খুলে যাচ্ছে সমস্ত সরকারি, বেসরকারি অফিস। শুক্রবার নবান্নে এমনটাই ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, ৮ই জুন থেকে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ১০০ শতাংশ লোকবল নিয়ে কাজ শুরু হবে। ৩০শে মে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আরও ১ সপ্তাহ সময় নেওয়া হল।
তবে মুখ্যমন্ত্রী জানান, জুনে স্কুল খুলবে না। খুলবে না আইসিডিএস কেন্দ্রও। পড়ুয়াদের মিড ডে মিলের চাল-ডাল বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রবিবার থেকে ১০০ শতাংশ জনবল নিয়ে কাজ করতে পারবে চা ও পাট শিল্পও।
বলে রাখি, শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে একগুচ্ছ বিষয়ে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, রবিবার থেকে খুলবে মন্দির। সঙ্গে বাসে যতগুলো আসন, ততজন যাত্রী তোলা যাবে বলে জানিয়েছেন তিনি।





