Rose Valley Chit Fund: লাভের আশায় নিজের শেষ সম্বলটুকু খুইয়েছিলেন অনেকে। কেউ মেয়ের বিয়ের জমানো টাকা দিয়েছিলেন তো কেউ আবার ছেলেমেয়েদের পড়াশোনার জন্য সঞ্চিত টাকা জমা করেছিলেন। কিন্তু সেসবই চলে যায়। রাজ্যজুড়ে হাহাকার শুরু হয়। অনেকেই আত্মহননের পথও বেছে নিয়েছিলেন। এবার কিছুটা স্বস্তি পেতে পারেন আমানতকারীরা।
রোজভ্যালি চিটফান্ডে (Rose Valley Chit Fund) যে আমানতকারীরা টাকা দিয়েছিলেন, এবার কমিশনের তত্ত্বাবধানে সেই প্রতারিতদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেল। চলতি বছরের শুরুর দিকেই এই প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এবার এর জন্য ওয়েবসাইট খুলল কমিশন। উপযুক্ত প্রমাণ-সহ এই ওয়েবসাইটে নিজেদের টাকা ফেরতের আবেদন জানাতে পারবেন আমানরকারীরা।
রোজভ্যালি চিটফান্ড (Rose Valley Chit Fund) কাণ্ডে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছিল। টাকা ফেরত দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গত বছরের শেষের দিকেই সেই ওয়েবসাইট তৈরির প্রক্রিয়া শুরু হয় বলে খবর। এবার সেই ওয়েবসাইট চালু হয়ে গিয়েছে।
সেই ওয়েবসাইটটি হল- http://www.rosevalleyadc.com। এই ওয়েবসাইটে ক্লিক করার পর ‘continue’তে ক্লিক করতে হবে। তারপর ‘ইনভেস্টার্স’ ও ‘আপলোড সার্টিফিকেট’ এই দুটো বিভাগে গিয়ে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে।

সূত্রের খবর, রোজভ্যালি চিটফান্ডে (Rose Valley Chit Fund) প্রায় ৬০ লক্ষ মানুষ টাকা রেখেছিলেন। তাদের আমানতের টাকার পরিমাণ প্রায় তিন হাজার কোটি। রোজভ্যালি কাণ্ডে যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা। আর ৮০০ কোটি টাকা নগদ রয়েছে। কোনও আমানতকারী যে পুরো টাকাটাই ফেরত পাবেন, এমন নাও হতে পারে বলে সূত্রের খবর। কত টাকা আমানতের বিনিময়ে কত টাকা ফেরত পাবেন কোনও আমানতকারী, তা হিসেব করে দেখবে কমিশন।
বলে রাখি, সারদা কেলেঙ্কারির কথা প্রথম প্রকাশ্যে আসে ২০১৩ সালে। সেই কাণ্ডের সীমা রাজ্য পেরিয়ে রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়ে। সেই দুর্নীতির তদন্ত করতে গিয়েই আরও এক চিট ফান্ড রোজভ্যালির দুর্নীতির (Rose Valley Chit Fund) ঘটনা সামনে আসে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই দুর্নীতির তদন্ত করে ইডি-সিবিআই। কর্ণধারদের গ্রেফতার করা হয়। রোজভ্যালি-সারদার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।





