বর্তমানে দেশে মানসিক চাপ এবং আর্থিক সংকটের কারণে অনেকেই চরম সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন শেষ করছেন। এমন ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে, যা সমাজের জন্য এক ভয়ানক দৃষ্টান্ত তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, সময়মতো মানসিক সাহায্য না পাওয়া এবং আশেপাশের মানুষের উদাসীনতাই এসব ঘটনার মূল কারণ।
এবার বিনোদন জগত থেকে আরও একটি মর্মান্তিক খবর সামনে এলো। বেশ কিছুদিন ধরেই আলোচনায় থাকা একজন প্রযোজকের অস্বাভাবিক মৃত্যু বিনোদন মহলে গভীর শোকের ছায়া ফেলেছে। অভিনেতা-প্রযোজক থেকে শুরু করে টেকনিশিয়ানরা এমন ঘটনায় বাকরুদ্ধ। বিনোদন জগতে সকলের মধ্যেই একটাই প্রশ্ন, কেন এমন ঘটনা ঘটলো?
গোয়ার উত্তরাঞ্চলের একটি ভাড়া বাড়ি থেকে প্রযোজক কৃষ্ণ প্রসাদ চৌধুরির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গেছে, আর্থিক সংকটের কারণে তিনি মানসিক চাপে ছিলেন। তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই সন্দেহ করছে।
কৃষ্ণ প্রসাদ চৌধুরি, যিনি দক্ষিণী সিনেমার একজন বিশিষ্ট প্রযোজক ছিলেন, বেশ কিছুদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন। ২০২৩ সালে তাঁকে একটি মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। জামিন পাওয়ার পর তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন। নতুনভাবে জীবন শুরু করার আশায় তিনি গোয়ায় চলে যান। তবে সেখানেও আর্থিক সমস্যার সমাধান করতে না পারায়, অবশেষে তিনি এমন সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ সোনা পাচার কাণ্ডে আটক ব্যবসায়ী! দক্ষিণ ২৪ পরগনায় সোনা পাচার চক্র ভাঙল পুলিশ!
কৃষ্ণ প্রসাদ চৌধুরি রজনীকান্তের ব্লকবাস্টার ‘কাবালি’-র অন্যতম প্রযোজক ছিলেন। তাঁর প্রযোজিত তামিল এবং তেলুগু সিনেমা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল। কিন্তু মাদক মামলার পর তাঁর কেরিয়ারে বড় ধাক্কা লাগে। কাজের সুযোগ কমে যাওয়া এবং আর্থিক সংকটের কারণে তিনি জীবনযুদ্ধে হার মেনে নেন। কৃষ্ণ প্রসাদের মৃত্যুতে তাঁর পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠরা গভীর শোক প্রকাশ করেছেন।





