দেশের নানান রাজ্যে অগ্নিপথ বিক্ষোভের কারণে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল, শুক্রবার সকাল থেকেই বিহারের নানা স্টেশনে চড়াও হয়েছে বিক্ষোভকারীরা। ভাঙচুর থেকে শুরু করে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
এদিকে অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবীতে বাংলাতেও ছড়িয়েছে বিক্ষোভ। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এর জেরে ছড়ায় উত্তেজনা। আজ, শনিবার সকালে ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ১৪ নম্বর রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
এর বেশ কিছুক্ষণ পর রেলপুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর। তবে এই অবরোধের জেরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। বেশ সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের।
এদিকে, অগ্নিপথ নিয়ে বিক্ষোভের জেরে পূর্ব মধ্য রেলে একাধিক ট্রেন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া থেকে ছাড়া একাধিক ট্রেনও। এছাড়া প্রচুর ট্রেনের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে।
যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল-
আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস
আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস
কলকাতা- জম্মু তাওয়াই এক্সপ্রেস
হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস
বাকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস
মালদা টাউন- নিউদিল্লি এক্সপ্রেস
ভাগলপুর-আনন্দপুর গরীবরথ এক্সপ্রেস
হাওড়া- নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস
হাওড়া- ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
হাওড়া-জয়নগর এক্সপ্রেস
হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস
বলে রাখি, গত বুধবার থেকেই অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ। এই বিক্ষোভের জেরে বিহারে সবচেয়ে বেশি হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল, শুক্রবার বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু দেবী এবং বিহার বিজেপির সভাপতি ও পশ্চিম চম্পারন সাংসদ সঞ্জয় জয়সওয়ালের বাড়িতে হামলা হয়। একাধিক জায়গায় ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।





