আর জি করের ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে জারি নোটিশ, তলব অনুসন্ধান কমিটির, অনুমতি ছাড়া হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের

আর জি কর কাণ্ডে এখন গোটা রাজ্য সহ দেশ উত্তাল। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমে আন্দোলন-বিক্ষোভ করছেন সকলে। সুপ্রিম কোর্টের তরফে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হলেও তারা সেই নির্দেশ মানেন নি। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না, এমনটাই স্পষ্ট বার্তা তাদের। এরই মধ্যে জানা যাচ্ছে, আর জি করের ৫১ জন চিকিৎসকদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল, সোমবার ছিল বিশেষ কাউন্সেলিং বৈঠক। সেই বৈঠকেই স্থির হয়েছে আর জি করের ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এই ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে জারি করা হয়েছে নোটিশ। ১১ সেপ্টেম্বর অনুসন্ধান কমিটির কাছে তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই-ই নয়, এই ৫১ জন চিকিৎসক কমিটির অনুমতি ছাড়া হাসপাতালে প্রবেশ করতে পারবেন না বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিনের এই বিশেষ কাউন্সলিং বৈঠকে চিকিৎসকদের একাংশ ও পড়ুয়াদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। এদের আচরণ হাসপাতালের গণতান্ত্রিক পরিবেশকে অসুরক্ষিত করছে বলে অভিযোগ। আর্থিক অনিয়ম থেকে শুরু করে, ছাত্রদের ফেল করিয়ে দেওয়া, আতঙ্কের পরিবেশ তৈরি করা, বিভাগীয় প্রধানদের হুমকি এমন নানান অভিযোগ রয়েছে এই চিকিৎসকদের বিরুদ্ধে।  

জানা গিয়েছে, আন্দোলনকারী চিকিৎসকরা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সৌরভ পাল, আশিস পাণ্ডে, রোহন কুণ্ডু-সহ ৫১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন। তাদের দাবী, এই ৫১ জন চিকিৎসক সন্দীপ ঘোষের হয়ে আর জি করে থ্রেট কালচার তৈরি করেছিলেন। আন্দোলনরত চিকিৎসকদের সেই দাবীর প্রেক্ষিতেই ৫১ জনকে বুধবার অনুসন্ধান কমিটির কাছে হাজির হ‌ওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

r g kar doctors

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য, কর্মবিরতি জারি থাকবে, আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান, সাফ জানালেন জুনিয়র চিকিৎসকরা! 

হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, যে ৫১ জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাদের মধ্যে ২০ হাউজ স্টাফ, দু’জন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক, একজন রিসার্চ সায়েন্টিস্ট ও ১১ জন ইন্টার্ন। হাসপাতালের কোনও কার্যকলাপের সঙ্গে এই ৫১ জন আপাতত যুক্ত থাকতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে ঢুকতে গেলেও তাদের অনুসন্ধান কমিটির অনুমতি নিয়ে তবেই ঢুকতে হবে।

RELATED Articles